
কাদামাখা একটি মাইক্রোবাস। ঘাতকের এই বাহন ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডের প্রতীক। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরাজয় নিশ্চিত জেনেই বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার, আলবদর বাহিনী এ দেশের বুদ্ধিজীবীদের কাদালেপা মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়েছিল হত্যার উদ্দেশ্যে। নাট্যজন প্রদীপ দেওয়ানজীর নাটক কাদামাখা মাইক্রোবাস–এ সেই নির্মমতার কথাই উঠে এসেছে।
মুক্তিযুদ্ধ গবেষণা ও স্মৃতি সংরক্ষণ–বিষয়ক সংগঠন সাত্ত্বিকের উদ্যোগে ২৩ মার্চ সন্ধ্যা ছয়টায় নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মঞ্চে মঞ্চায়ন হলো এই নাটকের। নাটকটির নির্দেশনা দিয়েছেন সাহিদ শিসু। নাটক মঞ্চায়নের আগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ–বিষয়ক গবেষক মাহফুজুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয় সাত্ত্বিকের পক্ষ থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রাখাল চন্দ্র বণিকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আ ক ম রইসুল হক বাহার। বক্তব্য দেন সঞ্জয় বিশ্বাস, রাজীয়া সুলতানা, অভিজিৎ পারিয়াল, শিহাব জিশান, তানজীল রশিদ ও কাজী মো. আবু কামরান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিনহাজ হোসাইন।
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেনের বয়ান ও একাত্তরে প্রকাশিত দেশি-বিদেশি বিভিন্ন পত্রিকার সংবাদকে উপজীব্য করে তৈরি হয়েছে এই প্রামাণ্য নাটক। ১৯৭১ সালের ডিসেম্বরের শুরু থেকে ১৪ ডিসেম্বর অবরুদ্ধ ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছিল কাদামাখা মাইক্রোবাসটি। মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা, সেলিনা পারভীনসহ আরও অনেককে তুলে নিয়ে যাওয়া হয় কাদামাখা মাইক্রোবাসটিতে। আলবদর বাহিনীর সদস্য মাইনুদ্দিন ও আশরাফুজ্জামানের নেতৃত্বে চলে সেই নৃশংস অভিযান। অনেক শিক্ষককে ছাত্রের পরিচয় দিয়ে তুলে আনেন তাঁরা। অনেককে পরিবারের সদস্যদের সামনে থেকে টেনেহিঁচড়ে নিয়ে যান। এরপর চোখ বাঁধা বুদ্ধিজীবীবোঝাই মাইক্রোবাসটি চলে যায় মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং কলেজে।
সেখানে সে যাত্রায় বেঁচে ফেরা প্রত্যক্ষদর্শী ব্যাংক কর্মকর্তা দেলোয়ার হোসেনের ভাষ্যে উঠে আসে নির্মম নির্যাতনের কাহিনি। রাত ১২টার দিকে সব বন্দীকে রায়ের বাজারে নিয়ে গিয়ে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।
নাটকে উপস্থিত করা হয় বদর বাহিনীর প্রধান আলী আহসান মুজাহিদকে। ঔদ্ধত্যের সঙ্গে তিনি বলেছিলেন, ‘অতীতে আমরা যা করেছি তার জন্য অনুতপ্ত নই, ভবিষ্যতের জন্য আমরা নিরাশ নই।’
নাটকের শেষ দৃশ্য দেখা যায় এই সময়কার বাংলাদেশের প্রতিবাদী জনতাকে। যারা ভোলেনি একাত্তরকে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ শহীদদের রক্তের ঋণ শোধ করার পথেই এগোয়। নাটকে অভিনয় করেন রথী দাশগুপ্ত, সাইদুল ইসলাম, জান্নাতুল মাওয়া, জয় কুমার দাশ, শুভময় বড়ুয়া, এস এম তাসরিক আনাম, টিনা বড়ুয়া, সারোয়ার জাহান চৌধুরী, ফারজানা আক্তার, নাসরিন আকতার, মিশু গুপ্ত, আদনান বিন আকতার চৌধুরী, শাহনিম শবনম, জান্নাতুল নাঈমা সিদ্দিকা ও প্রাঙ্গণ বড়ুয়া। নাটকটি আজ ২৬ মার্চ সকাল ১০টায় প্রদর্শিত হবে শহীদ মিনার প্রাঙ্গণ ও ডিসি হিল চত্বরে।