কাদামাটির ক্লাসরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পড়াশোনার অংশ হিসেবেই জমিতে নেমে ধান রোপণ করতে হয়েছিল
পড়াশোনার অংশ হিসেবেই জমিতে নেমে ধান রোপণ করতে হয়েছিল

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার প্রথম ছয় মাসেই অনেক রকম ঘটনা ও অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এর মধ্যে কোনোটি আনন্দের, কোনোটি বেদনার আবার কোনোটি ছিল অনুপ্রেরণার। প্রকৃতিকন্যাখ্যাত ১ হাজার ২০০ একরের সুবিশাল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমাকে কত রংবেরঙের দিনই না উপহার দিয়েছে!
যেদিন ধানের চারা রোপণের জন্য প্রথম ফসলি জমিতে নামলাম, সেই দিনটির কথা আলাদাভাবে না বললেই নয়। কৃষি অনুষদে পড়া ছাত্রছাত্রীদের প্রায় সবারই এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। জমিতে নেমে বোরো ধানের চারা রোপণ করতে হবে জেনে হল থেকে সেভাবে প্রস্তুতি নিয়েই ব্যবহারিক ক্লাসে গিয়েছিলাম। কাজে নামার আগমুহূর্ত পর্যন্ত খুব কৌতূহল হচ্ছিল। ব্যবহারিক ক্লাসে আমার গ্রুপের সহপাঠীরা প্রায় সবাই শহরে বড় হয়েছে। তাই তাদের কাছেও এই অভিজ্ঞতা নতুন। আমি গ্রামের ছেলে। তবু জমিতে নেমে ধানের চারা রোপণ করা যে আমার জন্যও একটা নতুন অভিজ্ঞতা, সেটা ভেবে একটু লজ্জাবোধ হচ্ছিল। মনে মনে ভাবছিলাম, গ্রামে থাকাকালীন শখের বশে জমিতে নামতে চাইলেও মা-বাবা নিষেধ করত। বলত, ‘তোর এসবে গিয়ে কাজ নেই, তোর কাজ শুধু পড়াশোনা করা।’ আর কী আশ্চর্য, বিশ্ববিদ্যালয়ে উঠে সেই পড়াশোনার জন্যই আমাকে জমিতে নামতে হলো!
কাজ শুরুর আগে স্যার সব বুঝিয়ে দিলেন। কীভাবে চারা রোপণ করতে হবে, কতটুকু সার প্রয়োগ করতে হবে ইত্যাদি। ১০ মিটার দৈর্ঘ্য ও প্রস্থের জমি পড়ল একেকজনের ভাগে। বিশ্ববিদ্যালয়ে অনেক আধুনিক সরঞ্জাম থাকার পরও আমাদের সনাতন পদ্ধতিতে চারা রোপণ করতে হয়। স্যার সব বুঝিয়ে দেওয়ার পর আমরা নিজ নিজ ধানের চারা ও সারের বাটি সংগ্রহ করে জমির দিকে রওনা হলাম। যদিও জমিগুলো আগে থেকেই চাষ করা ছিল, তবুও আমাদের জমির আগাছা পরিষ্কার ও মাটি সমান করার কাজটুকু করতে হলো। এরপর জমিতে নিয়মমাফিক সার ছিটিয়ে গুনে গুনে ২৬০টি চারার গোছা রোপণ করলাম।
রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে গ্রামের কৃষকেরা যে কত কষ্ট করে জমিতে চারা রোপণ করেন, সেদিন তা একটু হলেও টের পেয়েছিলাম। রোদের মধ্যে কাদাপানিতে নেমে কাজ করা কষ্টকর হলেও সবাই মিলে একটা নতুন অভিজ্ঞতা অর্জনের মধ্যে একটা অন্য রকম আনন্দ আছে। মনে আছে কাদামাখা শরীর নিয়ে যখন হলের দিকে রওনা হলাম, গ্রামের হালকা বাতাসটা খুব ভালো লাগছিল।
লেখক: প্রথম বর্ষ, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়