
সোঁদা মাটির গন্ধ কার না ভালো লাগে। মাটির ছোঁয়া পেলে মনটাও কোমল হয়ে ওঠে। এই মাটির গয়নার আবেদনও তাই অন্য রকম। অনবদ্য নকশায় মাটির গয়না ফ্যাশনে আনে ভিন্ন মাত্রা। নিত্যদিনের অফিস কিংবা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি, সবখানেই অনবদ্য। আর বিভিন্ন উৎসব এবং দিবসেও যেকোনো পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যায়।
মাটির তৈরি বিভিন্ন গয়না
মাটির গয়নায় যোগ হয়েছে বিভিন্ন ধরনের নকশা। এর অন্যতম কারণ হলো, উপকরণ হিসেবে আজকাল শুধু মাটি নয়, এর সঙ্গে মেশানো হয় আরও বিভিন্ন উপাদান। এমনটাই জানান বিক্রেতা তানভীর সোহেল। দোয়েল চত্বরের পাশেই রয়েছে তাঁর দোকান। তিনি জানান, ঝুনঝুনি, পুঁতি, বিডস, পাথর, কড়ি, সুতা, ফলের বীজ—এ রকম বিভিন্ন উপকরণের মিশেলেই তৈরি করা হয় এখনকার মাটির গয়নাগুলো। সঙ্গে থাকছে উজ্জ্বল রঙের নকশা এবং বিভিন্ন কারুকাজ |
বৈচিত্র্য আনতে মাটির গয়নায় আনা হচ্ছে বহু রঙের সমাহার। লালের সঙ্গে হলুদ, কমলা কিংবা সবুজের মিশ্রণ দিয়েই তৈরি করা হয় এসব গয়না। এ ছাড়া ট্রাইবাল ডিজাইনও ফুটে উঠেছে মাটির অলংকারে। গলার এক লহর কিংবা দুই লহরযুক্ত মালা, চিক, হাতের বালা, বিভিন্ন আকৃতির দুল, বিছা—সবই আছে মাটির গয়নায়।
যেকোনো পোশাকের সঙ্গেই
বিবিয়ানার ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার বলেন, ‘বর্তমানে কামিজ, টিউনিক কিংবা সালোয়ারের কাটে নানা পরিবর্তন এসেছে। সেই সঙ্গে ভিন্ন কিছু ট্রেন্ডও অনুসরণ করা হচ্ছে সময়ের সঙ্গে। তাই আজকাল মাটির গয়না কিন্তু সব ধরনের পোশাকের সঙ্গেই পরা যায়।’
তবে পোশাকের ভিন্নতার সঙ্গে গয়নার মধ্যেও ভিন্নতা থাকতে হবে। যেমন টপ কিংবা খাটো টিউনিকের সঙ্গে বড় লকেটের মালা পরলে ভালো দেখাবে। শাড়ির সঙ্গে ভালো দেখাবে এক লহর কিংবা দুই লহরের কোনো মালা। চাইলে সুতার টার্সেলের মালাও পরতে পারেন।
লিপি খন্দকার আরও বলেন, ‘একটু দেশীয় ধাঁচে শাড়ি পরতে চাইলে চিক কিংবা মাটির সঙ্গে কড়িযুক্ত মালা বেছে নিতে পারেন। সেই অনুযায়ী কানের দুলটাও বাছাই করে নিন। তাঁতের শাড়ির সঙ্গে ছোট কানের দুল, হাতে কয়েকটি বড় আকৃতির বালা পরতে পারেন।’ স্কার্টের সঙ্গেও লকেটযুক্ত মালা আর অনেক বালা পরলে বেশ ভালো দেখায়। অনেক বালার মধ্যে একটি-দুটি খাড়ু আকৃতির বালাও পরা যেতে পারে। মাটির গয়নার সঙ্গে হালকা সাজ বেশ মানিয়ে যায়। তাই অতিরিক্ত গয়না না পরার পরামর্শ দিলেন লিপি খন্দকার। বরং প্রতিটি অলংকারের মধ্যেই যেন সামঞ্জস্য থাকে।
যেখানে পাবেন
আড়ং, দেশী দশ, বিবিয়ানা, পিরান, মাদল, থেকেও নিতে পারেন নির্দিষ্ট মোটিফের মাটির গয়না। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, দোয়েল চত্বর, আজিজ সুপার মার্কেটসহ বসুন্ধরা শপিং মল, নিউমার্কেট, মৌচাক মার্কেটেও পাওয়া যাবে বাহারি ধরনের এই গয়না।
দরদাম
ডিজাইনভেদে এসব গয়নার দাম বিভিন্ন হয়ে থাকে। কানের দুল ৫০ থেকে ৩০০ টাকা, বিভিন্ন লহরের মালা ১০০ থেকে ৩৫০ টাকা, চিক ১০০ থেকে ৪০০ টাকা, ব্রেসলেট ৫০ থেকে ২০০ টাকা, বালা ৮০ থেকে ২০০ টাকার মধ্যেই পাবেন। চাইলে সেট হিসেবেও কিনতে পারেন। একই সঙ্গে মালা এবং কানের দুলের সেটের দাম পড়বে ১০০ থেকে ৩৫০ টাকা। কড়ি, পাথর কিংবা ঝুনঝুনিযুক্ত মাটির বিভিন্ন গয়না পাওয়া যাবে ৮০ থেকে ৪৫০ টাকার মধ্যে।