কাদামাটির শিল্পে রূপসী বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কৃষকের ঘরে ফেরা, মহিষের পাল ও পরগাছা ফুল’—কাজগুলোতে কার শৈশব-কৈশোর উঁকি দেয়! পোড়ানো কাদামাটির (সিরামিক) শিল্পে আলতো ধরা দেয় রূপসী বাংলা। এ বাংলারই আরেকটি অনুষঙ্গ ‘পোড়া কাঠের দুঃখ’—এতে দেখা যায় ধ্বংস হয়ে যাওয়া ও কিছু থেকে যাওয়ার সমন্বয়ে অপূর্ব চিত্র। আধুনিক সিরামিকের ব্যবহার দেখা যায় ‘দৈনন্দিন ব্যবহার্য তৈজসপত্রে’। সাগর চন্দ্র দাসের সিরামিকের শিল্পকর্ম প্রদর্শনীতে জীবন এভাবে ধরা দেয়। শিল্পকলা একাডেমীতে সাগরের ‘ক্লে লাইফ’ শীর্ষক সাত দিনের প্রদর্শনী শুরু হয়েছে গত বৃহস্পতিবার। প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি শিল্পী অলক রায়। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও শিল্পী শিশির ভট্টাচার্য্য। বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক খালিদ। অলক রায় বলেন, ‘কাদামাটি নিয়ে কাজ করার ঐতিহ্য বেশ প্রাচীন, যার শুরু সিন্ধু সভ্যতায়। আমাদের প্রাচীন বাংলায়ও প্রচুর মৃৎশিল্পের চর্চা হয়েছে, যার নিদর্শন পাই শতবর্ষপ্রাচীন সেই স্থাপত্য ভাস্কর্যগুলোতে। কালে এ মৃৎশিল্প চীন দেশে পায় গ্লেইজ বা চাকচিক্য, যেটাকে বলা হয় সিরামিক।’ সাগর চন্দ্র দাসের কাজের মাধ্যম হচ্ছে এ সিরামিক। এটা তাঁর তৃতীয় একক প্রদর্শনী।অলক রায় আরও বলেন, ‘সাগর অনেক দূর এগিয়েছে, এখন টিকে থাকতে প্রয়োজন নিজস্ব সৃজনশীল জগৎ তৈরি করা।’আবুল মোমেন বলেন, ‘তাঁর মধ্যে শিল্পীসত্তা আছে, উৎসাহ-উদ্দীপনা আছে। সে-ই শিল্পী হয়ে উঠতে পারে যে সব গ্লানি অতিক্রম করতে পারে।’শিশির ভট্টাচার্য্য বলেন, ‘সাগর সিরামিকে নিবেদিতপ্রাণ, সে মাটি দিয়ে কিছু একটা দাঁড় করাতে চায় এবং এ ব্যাপারে তাঁর যথেষ্ট দক্ষতা রয়েছে। অনেক ধরনের কাজ করলেও এসবের মধ্যে একজন সাগরকে খুঁজে পাই না আমরা। তবে আমি আশাবাদী আগামী দিনে সে আরও ভালো কাজ করবে।’ সাগর চন্দ্র দাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিরামিক বিভাগ থেকে পাস করে সদ্য বেরিয়েছি আমি। সিরামিকের মধ্যে তিনটি মাধ্যম আছে, এর মধ্যে আর্থেন ওয়্যার পোড়ানো হয় এক হাজার ডিগ্রি সেলসিয়াসে, স্টোর ওয়্যার পোড়ানো হয় এক হাজার ২০০ ডিগ্রি সেলসিয়াসে ও পেরসিলিন এক হাজার ৩৫০ ডিগ্রি সেলসিয়াসে। আমি এ তিন মাধ্যমেই কাজ করেছি।’শিল্পের অনেক মাধ্যম থাকতে বিষয় হিসেবে সিরামিক কেন বেছে নিলেন—এমন প্রশ্নের উত্তরে সাগর চন্দ্র বলেন, ‘এ মাধ্যমে শিল্প ও বিজ্ঞান একসঙ্গে রয়েছে। কারণ, সিরামিক তৈরি তো এক ধরনের রসায়নই, তাই এটাই বেছে নিলাম। তা ছাড়া আমি সিরামিকে কাজ করে পেন্টিং করতে পারব কিন্তু পেন্টিং করে সিরামিকের কাজ করা সম্ভব নয়। এ সিরামিক নিয়ে আমার স্বপ্ন অনেক দূর এগিয়ে যাওয়া।’ প্রদর্শনী দেখতে আসা এস এম ইসলাম বলেন, ‘আমি চারুকলার ছাত্র, তাই প্রদর্শনী দেখতে এসেছি। এটা আমার কাছে স্পষ্ট যে সাগর খুব পরিশ্রমী।’শিমুল চৌধুরী বলেন, ‘কাজগুলো দেখে বোঝা যায় যে শিল্পী গ্রামীণ জীবনকে নিবিড়ভাবে দেখেছেন, যার ছাপ পাওয়া যায় কাজগুলোতে।’ প্রদর্শনী চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।