কাদায় ভরা সড়ক, কষ্টে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখে বোঝার উপায় নেই সড়ক নাকি চষা খেত। একটু বৃষ্টি হলেই গ্রামীণ এই কাঁচা সড়ক কাদায় ভরে ওঠে। ফটিকছড়ি উপজেলার শাহনগর-ইমামনগর সড়কের এমন বেহাল দশা। ছবিটি ১৫ মে তোলা l প্রথম আলো
দেখে বোঝার উপায় নেই সড়ক নাকি চষা খেত। একটু বৃষ্টি হলেই গ্রামীণ এই কাঁচা সড়ক কাদায় ভরে ওঠে। ফটিকছড়ি উপজেলার শাহনগর-ইমামনগর সড়কের এমন বেহাল দশা। ছবিটি ১৫ মে তোলা l প্রথম আলো

কাদাপানিতে একাকার সড়ক। তার ওপর দিয়ে চলছে মোটরসাইকেল, রিকশা ও অটোরিকশা। কাদা ছড়িয়ে-ছিটিয়ে অবস্থা এমন, হাঁটাও দায় হয়ে পড়েছে। এই চিত্র ফটিকছড়ি উপজেলার শাহনগর-ইমামনগর সড়কের। এই সড়কে নিয়মিত যাতায়াত লেলাং ও দৌলতপুর ইউনিয়নের কমপক্ষে ১৫টি গ্রামের মানুষের। চার কিলোমিটারের সড়কটি লেলাং থেকে শুরু হয়ে শেষ হয়েছে দৌলতপুরে।
সরেজমিনে দেখা গেছে, সড়কের লেলাং ইউনিয়নের শাহনগর থেকে দুই কিলোমিটার পর্যন্ত ইটের খোয়া বিছানো হয়েছে। এসব খোয়াও এখন উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট–বড় অসংখ্য গর্ত। অন্যদিকে দৌলতপুর অংশ কাদায় ভরা। অনেক সময় যানবাহন ঠেলে পার করাতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, সড়কের দুরবস্থায় চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাদা থেকে রক্ষা পেতে সড়কসংলগ্ন এলাকার বাসিন্দা ও দোকানিরা নিজেদের উদ্যোগে কিছু এলাকায় মাটি ভরাট করেছেন।
শাহনগর এলাকার স্কুলশিক্ষক আবু জাফর বলেন, ‘দিনের পর দিন এভাবে সড়কটি পড়ে আছে। কারও কোনো গরজ নেই। এখন তো হাঁটাও দায় হয়ে পড়েছে।’ সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সড়কে চলাচলকারী নাজিরহাট বাজারের ব্যবসায়ী শহীদুল আলম, নাজিরহাট কলেজের শিক্ষার্থী বদিউল আলম, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মুহাম্মদ ফারুকও।
সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. বখতিয়ার উদ্দিন (৩৬) বলেন, সড়ক ভাঙা হওয়ায় ঝাঁকুনি খেতে খেতে পথ চলতে হয়। প্রায় সময় কাদায় গাড়ি আটকে যাচ্ছে। দ্রুত মেরামত করা না হলে এ পথে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না।
এ ব্যাপারে লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী বলেন, সড়কটি দিয়ে উপজেলার উত্তর-পূর্বাঞ্চল থেকে ফটিকছড়ি সদরসহ চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সহজে যাতায়াত করা যায়। এ ছাড়া এটি দরবার শরিফ-নানুপুর সড়কের বিকল্প সড়ক হিসেবেও ব্যবহার করা হয়। কিন্তু সংস্কার না হওয়ায় সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী ম. বিল্লাল হোসেন বলেন, গত ২০১৫-১৬ অর্থবছরে সড়কটির দুই কিলোমিটার অংশ পিচ ঢালাইয়ের জন্য দরপত্র আহ্বান শেষে কাজ শুরু করেন ঠিকাদার। পরে উপকরণের দাম বাড়ার অজুহাত দেখিয়ে ঠিকাদার সড়কের ম্যাকাডাম (ইট খোয়া ফেলা) করে কাজ ফেলে চলে যান। এ জন্য ঠিকাদারকে জরিমানা করা হয়। পুনরায় সড়কের প্রকল্প প্রাক্কলন করে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শিগগির সড়কটি মেরামত ও কার্পেটিংয়ের কাজ শুরু হবে।