
সড়কে একটু পরপর গর্ত। কোথাও জমে আছে ময়লা পানি। কোথাও কাদা। ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনাও। উৎকট দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এই ভোগান্তি সয়ে চলাচল করতে হচ্ছে নগরের আগ্রাবাদ চৌমুহনী এলাকার বাসিন্দাদের। চৌমুহনী থেকে ব্যাপারীপাড়া সড়ক বেহাল হওয়ায় এই কষ্ট সহ্য করতের হচ্ছে তাঁদের। গত বুধবার সকালে সরেজমিনে এই চিত্র দেখা যায়।
প্রায় দেড় কিলোমিটারের এই সড়ক স্থানীয়ভাবে হালিশহর সড়ক নামে পরিচিত। এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ বলছে, ওয়াসার পাইপলাইন লিকেজের কারণে সড়ক সংস্কারের কাজ পুরোদমে শুরু করা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই সড়ক ব্যবহার করে নগরের শেখ মুজিব সড়ক থেকে আগ্রাবাদের এক্সেস রোডে দ্রুত সময়ে যাতায়াত করা যায়। আগ্রাবাদের বাদামতলী মোড়ে যানজটের কারণে বড়পোল ও হালিশহরের লোকজন এই সড়ক বেশি ব্যবহার করেন। প্রতিদিন চলাচল করে সব ধরনের যানবাহন।
প্রায় ৫০ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন ব্যবসায়ী ধনা ধর। সড়কটি নিয়মিত সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এখন পর্যন্ত রাস্তাটি ভালোভাবে সংস্কার করতে দেখিনি। টুকটাক কাজ হয়, কিছুদিন না যেতেই তা নষ্ট হয়ে যায়।’
সড়ক ব্যবহারকারী স্থানীয় বাসিন্দারা বলেন, হাজীপাড়া, দাইয়াপাড়া ও পান্নাপাড়ার পানির সংযোগের ওয়াসার পাইপলাইনটি এই সড়ক দিয়ে গেছে। প্রায় সময় এই লাইনে পানির সংযোগ নেওয়া হয়। সংযোগ পাইপ বসাতে খোঁড়া সড়ক সংস্কার করা হয় কোনোরকমে। ফলে অল্প কিছুদিন পরই পিচ ওঠে গিয়ে গর্ত সৃষ্টি হয়। এ ছাড়া এই সড়ক দিয়ে মালবাহী ট্রাকও চলাচল করে।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস বাবুল বলেন, সড়কের নাজুক অবস্থা দীর্ঘদিনের। বৃষ্টি হলেই পানি জমে যায়। গর্তে আটকে অনেক সময় রিকশাও উল্টে যায়। রিকশা থেকে পড়ে যাত্রীদের ব্যথা পাওয়ার ঘটনা রয়েছে অনেক।
এ ব্যাপারে জানতে চাইলে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ বলেন, সড়কটিতে ওয়াসার পাইপলাইনে ৫৩টি লিকেজ ছিল। ইতিমধ্যে প্রায় ৪৫টি লিকেজ সংস্কার করা হয়েছে। বাকিগুলোর মেরামতের কাজ চলছে। এই কাজ শেষ হলে রাস্তার কাজ শুরু হবে। ইতিমধ্যে সড়কের উন্নয়নকাজের জন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে। সড়কের নালার সংস্কারকাজ চলমান আছে।