কানমলা
ক্লাস সেভেনে পড়ার সময় সজীব নামের এক ক্লাসমেট সব সময় আমাকে জ্বালাতন করত। জানি না, এমন করে সে কী আনন্দ পেত। প্রতিদিন অভিনব সব কায়দায়-বেকায়দায় ফেলে আমার অসহায় বোকা চেহারা দেখে ভীষণ তৃপ্তি পেত ও। একদিন বিজ্ঞান স্যার ক্লাসে এসে নতুন নিয়মে পড়া আদায় শুরু করলেন। দুজন দুজন করে আমাদের জোড়া বানিয়ে দিলেন। একজন নির্দিষ্ট টপিকের ওপর প্রশ্ন করবে, অন্যজন উত্তরদেবে। সঠিক উত্তরদানে ব্যর্থ হলে প্রশ্নকারী অন্যজনের কানমলা দেবে। কানমলা দেওয়ার সময় কোনো রকম স্বজনপ্রীতি, ক্লাসমেটপ্রীতি বা বন্ধুপ্রীতির প্রমাণ পাওয়া গেলে শাস্তি প্রদানকারীকে স্যার কর্তৃক উপযুক্ত এবং নির্মম শাস্তি প্রদানের ব্যবস্থা রয়েছে। দুর্ভাগ্যক্রমে সজীবের জোড়ার সম্মানিত সদস্য মনোনীত হলাম আমি। ভাগ্যের লিখন মুছে ফেলি কোন ইরেজার দিয়ে? মেনে নিলাম। নিজের কান দুটোয় একবার হাত দিয়ে আদর করে নিলাম। স্যারের কথামতো ও আমাকে প্রথম প্রশ্ন করলে সৌভাগ্যক্রমে আমি তার সঠিক উত্তর দিলাম। এবার আমি ওকে দ্বিতীয় প্রশ্ন করলে ও সঠিক উত্তরদানে ব্যর্থ হলো। আমার মোটেও ইচ্ছা ছিল না, সম্পূর্ণ স্যারের দ্বারা আদিষ্ট হয়ে আমি ওর দুই কানের দিকে আমার দুহাত নিয়ে গেলাম। ওর চোখের দিকে আমার দৃষ্টি পড়তেই আমার আত্মারাম খাঁচা থেকে বেরোনোর পথ খুঁজল। চোখ মনের কথা কেমন স্পষ্ট করে বলতে পারে, তা সেদিন বুঝলাম। ওর চোখের শান্ত চাহনির আড়ালে কী লুকিয়ে আছে, তা জগতের এই দুজন এবং ওপরে একজন ছাড়া আর কারও বোঝার কথা নয়। স্যারসহ ক্লাসের সবাই আমাদের কাণ্ড দেখে মজা লুটতে ব্যস্ত। আমরা দুটি জীব শুধু তখন দাঁড়িয়ে। কাঁপা কাঁপা হাতে ওকে মা যেমন বাচ্চাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়, ঠিক তেমনি আমি ওর কান দুটোতে হাত দিয়ে মলা দেওয়ার অভিনয় করে মূলত ওকে কান ম্যাসাজ করে দিলাম। ক্লাসের পরে ওর কানে হাত দেওয়ার পরিণতি কী হতে পারে, এই হিসাব মেলাতে আমি গলদঘর্ম হয়ে গেলাম। স্যার এবার ওকে জিজ্ঞেস করলেন যে ও ব্যথা পেয়েছে কি না। ‘না, স্যার! একটুও ব্যথা পাইনি।’ ওর হাসিমুখের জবাব! বিধাতা, জগতে এমন সত্যবাদীও রেখেছ তাহলে! স্যার এবার যা করলেন তা আমার জন্য রীতিমতো সাক্ষাৎ যম। ওকে আদেশ করলেন আমাকে সুন্দরভাবে কানমলা দিতে, এই মহান উদ্দেশ্য সামনে রেখে যে, যাতে আমি সারা জীবন কানমলা ব্যাপারটা বুঝি এবং স্বজনপ্রীতি থেকে যথাসম্ভব নিরাপদ দূরত্বে অবস্থান করি। নির্মম রায়টি ক্লাসের সবাইকে যেন ভীষণ আনন্দ দিল। সবাই কী সুন্দর হেসে উঠল! একবার স্যারের দিকে, আরেকবার ওর দিকে চেয়ে আমার হূদয়ের মাঠখানা শুকিয়ে মরুভূমির রূপ নিল। জীবনে কখনো ও এমন বৈধভাবে আমাকে মারার সুযোগ ইতিপূর্বে পায়নি। আজ ও আমাকে মাফ করলে ওর আর্থসামাজিক কোনো ক্ষতিই হয়তো হবে না। কিন্তু ও ওর মনটাকে কিছুতেই সান্ত্বনা দিতে পারবে না। কেননা, এমন বোকামি করাটাই যে আসল গাধামি। ‘আল্লা রে, জানটা বুঝি গেল!’ কানমলা খাওয়ার সময় দাঁতে দাঁত চেপে মনে মনে আর্তচিৎকার দিলাম। ও বোধ হয় ওর সর্বোচ্চ শক্তি দিয়ে আমায় শাস্তিটা দিল। অসহ্য যন্ত্রণায় চোখে আমার জল চলে এল। সুযোগ পেলেই মানুষকে এত নিষ্ঠুর হতে হয়! মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বসে পড়লাম। তাৎক্ষণিক স্যারের একটা কথা আমাকে সব ব্যথা ভুলিয়ে দিল। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন, আমি ব্যথা পেয়েছি কি না। ওর মতো আমি অত সত্যবাদী তখনো হয়ে উঠিনি। রিস্ক নিয়ে নিলাম, যা আছে কপালে। ক্লাসের পরে কী হতে পারে, তা নিয়ে মাথা ঘামানোর চেষ্টা করে মূল্যবান সময়ের অপচয়কারী হতে ইচ্ছে করল না। ব্যথাকাতর চেহারা থেকে যতটা সম্ভব সরে এসে হাসিমুখে উত্তর দিলাম, ‘না স্যার, মোটেও ব্যথা পাইনি।’ স্যার এবার আগের রায়টিই বহাল রাখলেন, শুধু চরিত্র দুটি বিপরীত। আমার হূদয়ের মরুভূমিতে এবার যেন ঘন কালো মেঘের আবির্ভাব হলো। হাত দুটি ঝাড়া দিয়ে তাতে শরীরের সমস্ত শক্তি পুঞ্জীভূত করার চেষ্টা করলাম। পরম তৃপ্তি বলতে আমি তখন পর্যন্ত অন্য কিছুকে জানিনি। সেদিন ওকে যা দিলাম, সেটিতে আমি মোটামুটি পরম তৃপ্তি পেয়েছি এটা নির্দ্বিধায় বলা যায়। ‘কানমলা’ নামে যে একটা বিষয় পৃথিবীতে আছে এবং সেটি যে মোটেও সুখকর নয়, তা আমি ওকে হালকা বোঝানোর চেষ্টা করলাম আরকি। কিন্তু রাগে তখন বোধহয় ওর মাথার স্ক্রুগুলো ঠিকমতো কাজ করছিল না। আমার দিকে ওর দৃষ্টি তখন এমন যেন আমার শরীরের কাঁচা মাংস ও এইমাত্র ভক্ষণ করতে পারলে বড়ই তৃপ্তি পাবে। স্যারেরও যেন কী হলো সেদিন—আবারও উনি ওকে জিজ্ঞেস করলেন, এবার ব্যথা পেয়েছে কি না। হতচ্ছাড়াটাও সহজে ছাড়ার পাত্র নয়। পুনরায় হাসিমুখে জবাব দিল, ‘ও তো আমায় মারেইনি, শুধু কান ছুঁয়েছে মাত্র!’ বাতাস এসে আমার মরুভূমির আকাশে জমা হওয়া কালো মেঘটুকুকে যেন আবার সরিয়ে নিয়ে যেতে চাইছিল। বিধি সর্বদা মানুষের ডানে অবস্থান নেয় না, এটা বোধহয় ওর জানা ছিল না। স্যার এবার চেয়ার পরিত্যাগ করে উঠে আসতে আসতে বললেন, ‘কী আর করা, ও যখন পারছেই না, এবার তাহলে আমিই চেষ্টা করে দেখি, কানমলা ব্যাপারটার সঙ্গে তোমাকে পরিচয় করাতে পারি কি না।’ মার দেওয়ার জন্য ওস্তাদেরা শেষ রাতেই এসে থাকেন। আমার ওস্তাদও সে নিয়মের ব্যত্যয় ঘটালেন না। ইচ্ছে হচ্ছিল স্যারকে স্যালুট করি, মনে মনে তা সারলাম। স্যার ওর কাছে এসে মনমতো ওর দুই কান মলা দিয়ে বললেন, ‘বাবা, এবার কি ব্যথা পাওয়া যায়, নাকি এটাও আগের মতো!’ এবার ওর মুখ থেকে যে উত্তর বেরোল, তা বলা বাহুল্য। ঘনমেঘ এবার সত্যিই যেন আমার হূদয়ের শুষ্ক মরুভূমিতে শীতল ঝরনা হয়ে ঝরে পড়ে আমাকে প্রাণবন্ত, উজ্জীবিত আর প্রফুল্ল করে তুলল। মাহফুজুল হকবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।