কানমলার দৃশ্যটি গ্লানিকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পরিচ্ছন্নতার বিষয়ে নাগরিকদের অসচেতনতা নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ১৫ এপ্রিল চেম্বারের বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, যেখানে-সেখানে ময়লা না ফেলার অনুরোধ জানিয়ে গত কয়েক মাসে নগরবাসীর মধ্যে ২০ লাখ প্রচারপত্র বিতরণ করা হয়েছে। প্রতিদিনই নগরের ওয়ার্ডগুলোতে মাইকিং করা হচ্ছে। পত্রিকায়, স্থানীয় কেব্ল টিভি চ্যানেলে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। কিন্তু পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না।
দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে বিলবোর্ড অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনায় মেয়রের উদ্যোগ চট্টগ্রামের নাগরিকদের নজর কেড়েছে। প্রথমটিতে তিনি প্রায় শতভাগ সফল হয়েছেন। আর বর্জ্য ব্যবস্থাপনায় অনেক দূর এগিয়ে গেলেও পুরোপুরি সাফল্য যে এখনো আসেনি, সেটা তাঁর মুখে উচ্চারিত হতাশার কথা থেকেই বোঝা যায়।
মেয়র নিজেই বলেছেন, বর্জ্য অপসারণে সিটি করপোরেশন যতই পরিকল্পনা করুক কিংবা উদ্যোগ নিক, জনগণের সহযোগিতা ও সচেতনতা ছাড়া এ কাজে সফল হওয়া যাবে না।
মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর আ জ ম নাছির এ কথা হাড়ে হাড়ে বুঝেছেন। এই শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা সিটি করপোরেশনের হলেও এর সঙ্গে যুক্ত হতে হবে এখানকার নাগরিকদেরও। কারণ, প্রতিটি পরিবারে বর্জ্য উৎপাদন হচ্ছে। তাই বর্জ্য ব্যবস্থাপনার ভাবনাটা নাগরিকদেরও। না হয় আলাদিনের দৈত্যও পারবে না শহরটাকে পরিষ্কার রাখতে।
বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে সিটি করপোরেশনের প্রথম ও প্রধান উদ্যোগ হলো, দিনের বেলা ডাস্টবিনগুলো থেকে ময়লা অপসারণের বিড়ম্বনা থেকে নাগরিকদের মুক্তি দেওয়া। করপোরেশনের ১ হাজার ৮০০ সেবক এখন সারা রাত নগর পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকেন। সকাল বেলা ঘুম থেকে উঠে এখন আর তেমন ময়লা–আবর্জনা ভর্তি ডাস্টবিন চোখে পড়ে না। রাতেই সেসব সরিয়ে ফেলা হয়। নগরের সকালটা থাকে আবর্জনা ও দুর্গন্ধমুক্ত। কিন্তু বেলা গড়াতেই পুরোনো চিত্রটি ফিরে আসে। যেখানে–সেখানে ময়লা ফেলার কারণে আবারও অপরিচ্ছন্ন হয়ে পড়ে নগর। আর মেয়রের আক্ষেপটাও এই কারণেই।
রাতে আবর্জনা অপসারণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুজন সেবক নিহত হয়েছেন। কুকুরের কামড়ে কয়েকজন আহত হয়েছেন। রাতের ঘুম হারাম করে নানা রকম ঝুঁকি নিয়ে সেবকেরা কাজ করছেন। সেবকদের এই পরিশ্রম বিফলে যাচ্ছে কিছু নাগরিকের অসহযোগিতার জন্য।
সিটি করপোরেশনের পাশাপাশি জনগণকে সচেতন করতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেইন জিল্লুর রহমান শোভাযাত্রা করে নগর পরিষ্কারে নেমেছিলেন। ঝাড়ু হাতে নেমেছিলেন সাবেক পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলও। তবু কিছুতেই যেন কিছু হচ্ছে না। সেবকেরা নালা পরিষ্কার করার সময় কয়েক স্তরের পলিথিনের বর্জ্য পাচ্ছেন। এক মাসের ভেতরেই পরিষ্কার করা নালা-নর্দমা আবারও ভরে যাচ্ছে। অর্থাৎ এত প্রচারণারও খুব একটা ফল মেলেনি। নালায় পলিথিন ও বর্জ্য ফেলা অব্যাহত থাকছেই।
মেয়র আ জ ম নাছির তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিক। তিনি বর্জ্য ব্যবস্থাপনায় সবচেয়ে আগে কী করণীয়, সেটা ধরতে পেরেছেন। দিনের বেলা ময়লা অপসারণের কাজ বন্ধ করে নগরবাসীকে স্বস্তি দিয়েছেন। তবে কিছু নাগরিকের নিয়ম না মানায় সেই স্বস্তি নিরবচ্ছিন্ন হচ্ছে না। গত ৩০ মার্চের কথা। আগ্রাবাদ এলাকায় এক যুবককে দিনের বেলায় ময়লা ফেলতে দেখে হাতেনাতে ধরে ফেলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। মৃদু তিরস্কার করে তরুণের কানও মলে দেন তিনি। কানমলার এই দৃশ্যটি নগরবাসীর জন্য গ্লানিকর। কিন্তু বলতে হবে, নিরুপায় হয়েই এটা করতে বাধ্য হয়েছেন মেয়র।
শহর পরিষ্কার রাখার জন্য ইতিমধ্যে ১০ লাখ ঝুড়ি আর ২ হাজার রিকশা–ভ্যানের প্রয়োজনীয়তার কথা বলেছেন মেয়র। জামালখান ওয়ার্ডে ময়লার ঝুড়ি ইতিমধ্যে বসানোও হয়েছে। তবে ১০ লাখের জায়গায় ১ কোটি ঝুড়ি বসালেও কাজ হবে না যদি আমাদের সেই ঝুড়ি ব্যবহারের মানসিকতা না থাকে। আমাদের শহর আমাদেরই পরিষ্কার রাখতে হবে।