কানাডা-কাণ্ড
টরন্টোর পিয়ারসন বিমানবন্দরের বাইরে পা রাখতে না-রাখতেই চোখের ভেতর এসে ঢুকে গেল তুষারকণা! কয়েক মিনিটের মধ্যেই তুষার পড়ে মাথার ওপর একটা আনকোরা নতুন সাদা টুপি গজিয়ে গেল। একেই তাহলে বলে তুষারপাত!কুইন্স এন্ট্রাপ্রেনিউরস কম্পিটিশনে অংশ নিতে আমি আর আমার সহপাঠী মাহবুব এসেছি কানাডার অন্যতম শহর টরন্টোতে। এসেই জীবনে প্রথম তুষারপাতের দেখা পাওয়া। তাপমাত্রা তখন শূন্যের নিচে খুব বেশি দূরে যায়নি, মাত্র মাইনাস ১১ ডিগ্রি সেন্টিগ্রেড! কোনো মতে কম্পিটিশনটা শেষ হোক, গরম কাপড় না কিনলে আর বেঁচে দেশে ফিরতে পারব না, মনে মনে জল্পনা করলাম আমি।এখানে পৌঁছানোটাও তো কম ঝক্কি ছিল না। দিল্লি বিমানবন্দরে ১৫ ঘণ্টা বসে থাকা, ব্রাসেলস বিমানবন্দরে কর্মী ধর্মঘটের জন্য অনির্দিষ্টকালের যাত্রাবিরতি (যদিও ভাগ্য ভালো, ছয় ঘণ্টা বসে থাকার পর আমরা উদ্ধার পাই!)—সব মিলিয়ে ৪২ ঘণ্টার ধাক্কা সামলে পৃথিবীর এপাশ থেকে ওপাশে উড়ে আসা। তারপর, টানা দুই রাত না ঘুমিয়ে দুবার প্রেজেন্টেশন দেওয়ার পর ২১ তারিখ রাতে যখন ঘুমাই, মনে হচ্ছিল যথেষ্ট হয়েছে, বাকি জীবনটা ঘুমিয়ে না কাটালেই নয়! কিন্তু ১৩ তলার ওপর থেকে বরফে ঢাকা টরন্টোকে দেখে মনে হচ্ছিল রূপকথার স্বপ্নপুরী। তাই আর ঘরে বসে থাকা গেল না। ঘুমে জড়ানো চোখ কচলাতে কচলাতে হাতে একটা ম্যাপ নিয়ে বেরিয়ে পড়লাম টরন্টোর রাস্তায়।প্রথমেই নায়াগ্রা জলপ্রপাত। সেই ছোটবেলা থেকে নাম শুনে এসেছি, টেলিভিশনের পর্দায় দেখেছিও কী ভীষণ বেগে ধেয়ে চলছে কানাডা আর যুক্তরাষ্ট্রের সীমান্ত ছুঁয়ে চলা এই গভীর জলরাশি। এবার তাকে স্বচক্ষে দেখে মনে হলো, ‘সার্থক জনম আমার’! অসম্ভব জীবন্ত এই জলপ্রপাতের গর্জন না শুনলে বিশ্বাস করা কঠিন। ১৭৩ ফুটেরও বেশি উঁচু থেকে প্রবল বেগে নিচে পড়ছে বিপুল পানির প্রবাহ আর পানির বেগ এতই বেশি যে প্রচণ্ড ঠান্ডায়ও জমে যাচ্ছে না এক ফোঁটা পানি। হঠাৎ দেখি, জলপ্রপাতের ওপর বিশাল এক রংধনু! বিস্ময় তখন আকাশ ছুঁয়েছে, নিঃশ্বাস বন্ধ করে কয়েক মিনিট উপভোগ করলাম সেই অপার্থিব সৌন্দর্য!নায়াগ্রা জলপ্রপাতের পরের গন্তব্য সিএন টাওয়ার। টরন্টোর একদম প্রাণকেন্দ্রে অবস্থিত ১৪১৫ ফুট উঁচু এই টাওয়ার যখন নির্মিত হয়, তখন এটিই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা (পরে যে স্থান দখল করে নেয় দুবাইয়ের বুর্জ খলিফা)। কিন্তু এখনো কানাডার প্রতীক হিসেবে গণ্য করা হয় এই সুন্দর টাওয়ারটিকে, আর প্রতিবছর কানাডিয়ান বাদ দিলেও প্রায় ২০ লাখ ভ্রমণপিপাসু মানুষের পদচিহ্ন পড়ে এখানে। সেই ১৯৭৩ সালে হেলিকপ্টার ব্যবহার করে তৈরি করা এই টাওয়ারে মাটি থেকে ১১২২ ফুট ওপরে রয়েছে কাচের ফ্লোর, যার ওপর দাঁড়িয়ে দিব্যি লাফানো যায়! দুই পায়ের নিচে কাচের মধ্য দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে হাজার ফুট নিচের রাস্তা, গাড়িঘোড়া চলছে সেখানে আর তার সোজা ওপরে দাঁড়িয়ে আছি আমি, মাথাটা একটু ঘুরে যায় বললে বাড়িয়ে বলা হবে না। টাওয়ারের একদম ওপরে ঘূর্ণায়মান রেস্টুরেন্ট।এই হলো দুদিনের দেখা টরন্টো। প্লেনের ফ্লাইট মিস করার ভয়, ঝড়ের বেগে ফুরিয়ে যাওয়া সময় আর পকেটে অল্প কিছু ডলার নিয়ে ছুটে চলা। হাতে শহরের রংচঙে ম্যাপ, চোখমুখে তুষারের ঝাপটা, কানে নায়াগ্রা জলপ্রপাতের গর্জন, মনে নতুন দেশ দেখার আনন্দ!