১৬ অক্টোবর আমাদের জানামতে, কানিহাটিতে দেশের প্রথম ইংরেজি অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়ে গেল। সকাল থেকেই একে একে হাজির হতে থাকে শিক্ষার্থীরা। দেখা গেল নিবন্ধনকৃত ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪৭ জনের মধ্যে ৩৩১ জনই এসে পড়েছে। আর নিবন্ধনকৃত শিক্ষার্থী ছাড়াও হাজির আরও শতাধিক শিক্ষার্থী! তবে স্থানাভাবে ৩৭৫ জনের বেশি শিক্ষার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া যায়নি। অন্যান্য অলিম্পিয়াডের মতো শিক্ষার্থীদের জাতীয় সংগীত দিয়ে শুরু হয় অলিম্পিয়াড। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন হাজীপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হাসান। ইংরেজি অলিম্পিয়াডের মূল লিখিত পরীক্ষার সময় সব নির্দেশনা দেওয়া হয়েছে ইংরেজিতেই!সমাপনী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ পর্বে মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি ইংরেজি চর্চার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বে টিকে থাকতে হলে ইংরেজিতে দক্ষ হতে হয়। ড. আবেদ চৌধুরী এ সময় গ্রাম ও শহরের মধ্যে ব্যবধান ঘোচানোর উদ্যোগ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ আসলে গ্রাম। গ্রামকে উন্নত করতে না পারলে আমরা এগিয়ে যেতে পারব না।’ এ সময় শিক্ষার্থীদের সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করেন অলিম্পিয়াডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সানিডেল স্কুলের শিক্ষক খিলফত জাহান জোহায়রা। অলিম্পিয়াডে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ইয়াসমীন হক, উইন ইনকরপোরেটের প্রধান নির্বাহী কাশফিয়া আহমেদ, বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশনের মহাসচিব ফোরকান-বিন-কাশেম এবং অলিম্পিয়াড আয়োজনের সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান।অতিথিরা প্রাইমারি, জুনিয়র ও সেকেন্ডারি ক্যাটাগরির ২১ জন বিজয়ীর হাতে পুরস্কারের বই ও সনদ তুলে দেন। সেকেন্ডারি ক্যাটারির অন্যতম বিজয়ী মিখা পেরেগু এবং জুনিয়র ক্যাটাগরির বিজয়ী ও তার বোন রিমা পেরেগু তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানাল, চা-শ্রমিক পরিবারে আরও অনেক মেধাবী রয়েছে। কিন্তু তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। উল্লেখ্য, অংশগ্রহণকারীদের ৬০ শতাংশের বেশি ছিল ছাত্রী।আয়োজকেরা বার্ষিক এই অলিম্পিয়াড আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে জানান, ভবিষ্যতে ইংরেজি অলিম্পিয়াড দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে।