আমন্ত্রণপত্রে লেখা ছিল গাউন পরার কথা। তবে কান চলচ্চিত্র উৎসবে শাড়িই পরতে চেয়েছিলেন অভিনেত্রী জয়া আহসান। এক দিন বাদে শাড়িতেই তাঁকে দেখা গেছে সব সময়।কোনো ডিজাইনারের সংগ্রহ নয়, নিজের সংগ্রহে থাকা পোশাকগুলোই কানে পরেছেন তিনি। ‘আমার ব্যক্তিত্ব ছাপিয়ে যায় এমন কোনো পোশাক পরতে চাইনি। সব সময় আমাকে যেমন দেখা যায়, সেই ধরনের সাজপোশাকই ঠিক করেছি। এত দিনে নিজের সংগ্রহে কত পোশাকই তো জমেছে। সেখান থেকেই বেছে নিয়েছি।’ বললেন জয়া আহসান।আলাদা করে কানে পরার জন্য কোনো কেনাকাটা করেননি তিনি। তবে কোন পোশাকের সঙ্গে কোন অনুষঙ্গ পরবেন, সেটা ঠিক করা ছিল। এমনিতেই শিফন শাড়ি তাঁর খুব পছন্দ। আর ফ্রান্সের মাটিতে ফরাসি শিফন তো পরা চাই-ই। ফিরোজা রঙের শিফন আর সাটিনের একটা কাপড় কেনা ছিল তাঁর আগেই।ফ্রান্সের খ্যাতনামা গ্যালারি লাফায়্যে থেকে কিনেছিলেন কাপড়টি। ‘প্রায়ই আমি কাপড় কিনে শাড়ির মতো করে পরি। এই কাপড়টার সঙ্গে প্রিন্সেস কাট ব্লাউজ বানিয়ে নিয়েছি, তাতে সাদা কারচুপির কাজ করা। আর হাতে ছিল নাইন ওয়েস্টের ব্যাগ।’ বললেন তিনি।আরেক দিন পরেছিলেন কাতান শাড়ি, পৌরাণিক নানা কাহিনির অলংকরণ সেই শাড়িতে।সেটাও ঢাকা থেকে কেনা। সেদিন কানে ছিল ভারতের আম্রপালির দুল। ভারতের ডিজাইনার সত্য পলের তৈরি একটা সোনালি রঙের শাড়ি পরেছিলেন জয়া। সেদিন হাতে নিয়েছিলেন ঢাকা থেকেই কেনা বটুয়া।কানে যাওয়ার পর প্রথম পরেছেন গোলাপি শাড়ি। সেই লুকটা কেমন হবে তা নিয়ে পরামর্শ দিয়েছিলেন রূপবিশেষজ্ঞ ফারজানা আরমান। ‘আমার কানে যাওয়ার খবর প্রকাশের পর তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। এমনিতে হয়তো সেই শাড়িটা আমি পরতাম না। মুন্নি আপা (ফারজানা আরমান) ব্লাউজ তৈরি করে দিলেন। এর সঙ্গে পরার জন্য জিমি চু ব্র্যান্ডের জুতা আর কানের দুলও তিনি দিয়েছেন। সব মিলিয়ে সেই সাজটা আমার বেশ পছন্দ হয়ে গেল।’ বললেন জয়া।‘শাড়ি পোশাকটা ওখানে সবাই খুব পছন্দ করে। অনেকেই আমার ছবি তুলে নিচ্ছিলেন।আবার শাড়ি দেখেকেউ কেউ ছবি তুলেছেন আমার পাশে দাঁড়িয়ে। আমি ভারত থেকে এসেছি, এমনটাই ভাবছিলেন হয়তো তাঁরা। তাঁদের বুঝিয়ে বলতে হয়েছে, শাড়ি বাংলাদেশের পোশাক, আমি বাংলাদেশ থেকে এসেছি।’ বলেন তিনি।একদিন গাউন পরেছিলেন জয়া। সেটা দুবাই থেকে কিনেছিলেন। এ ছাড়া ব্রোচ পরেছিলেন শাড়ির সঙ্গে। ‘এমনিতে ব্রোচ পরা হয় না, এবার আনুষ্ঠানিক উপলক্ষ বলে পরেছি, দেখলাম বেশ ভালোই লাগছে।’কানে নিজের মেকআপ নিজেই করেছেন তিনি। আর চুল সাজানোর জন্য সাহায্য নিয়েছিলেন সেখানকার এক স্যালনের। উৎসবের কর্তৃপক্ষ অতিথিদের জন্য এই ব্যবস্থা করে রেখেছিল। দিনের বেলায় ঘুরে বেড়ানোর জন্য একদম সাদামাটা পোশাকই বেছে নিয়েছিলেন। প্যান্ট-টপেই স্বাচ্ছন্দ্য ছিলেন। কাঁধে বড় একটা মাইকেল করসের ব্যাগ ঝুলিয়ে ঘুরেছেন উৎসব প্রাঙ্গণ। অ্যালডোর ব্যাগও ব্যবহার করেছিলেন।জয়ার কানে যাওয়ার খবরের পর এমনকি ভারত থেকেও ফ্যাশন ডিজাইনাররা যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। কান থেকে কেনাকাটাও টুকটাক করেছেন। ফরাসি শিফন আর ফরাসি সুগন্ধিই কিনে এনেছেন বলে জানালেন জয়া আহসান।