কানে কানে...
মুঠোফোন, ল্যাপটপ, এমপি-থ্রি প্লেয়ার, আইপড কিংবা ডেস্কটপ কম্পিউটারে গান শোনার অন্যতম এক মাধ্যম হিসেবে ব্যবহূত হয়ে আসছে বিভিন্ন ধরনের হেডফোন বা ইয়ারফোন। রাস্তায় মুঠোফোন আর বাসায় কম্পিউটারে গান শোনার জন্যই এগুলোর ব্যবহারটা বেড়েছে। আর এসব হেডফোনও এখন হচ্ছে বেশ বাহারি। তরুণরাই এসব বেশি ব্যবহার করে। তাই হেডফোনের নকশাতেও এসেছে তারুন্যের পছন্দ অনুযায়ী নানা বৈচিত্র্য।রায়ানস আইটি লিমিটেডের ব্যবস্থাপক আরিফুজ্জামান জানান, মুঠোফোনে গান শোনার জন্য ইয়ারফোনের চাহিদাই এখন সবচেয়ে বেশি। আবার কম্পিউটারে গান শোনার জন্য হেডফোনকেই এক নম্বরে রাখে তরুণেরা। কম্পিউটারে গান শোনার জন্যই শুধু নয়, আরও একটি বড় প্রয়োজনে আজকাল হেডফোনের কদর বেড়েছে। গান শোনার পাশাপাশি ইন্টারনেটে ইয়াহু মেসেঞ্জার, স্কাইপ, গুগলটকসহ বিভিন্ন সফটওয়্যারে বন্ধু বা আপনজনের সঙ্গে কথা বলার জন্যও ব্যবহার হচ্ছে হেডফোন।আরিফুজ্জামান জানান, গান শোনার ক্ষেত্রে ভালো শব্দ পেতে অনেকেই আজকাল ভালো মানের হেডফোন কিনছেন। আবার ইন্টারনেটে কথা বলাটা সাবলীল রাখতেও ভালো মানের হেডফোন ব্যবহার হয়।হেডফোনের মধ্যে আবার রকমফের আছে। যাঁরা গান শোনার সঙ্গে সঙ্গে কথা বলার জন্য হেডফোন ব্যবহার করতে চান, তাঁরা মাইক্রোফোনসহ হেডফোন কিনতে পারেন। আবার যাঁরা শুধুই গান শোনার জন্য হেডফোন ব্যবহার করতে চান, তাঁদের ক্ষেত্রে মাইক্রোফোন ছাড়া হেডফোনগুলোই ভালো।অনেক হেডফোন ও ইয়ারফোন একাধারে কম্পিউটার, আইপড, এমপি থি প্লেয়ার ও মুঠোফোনে ব্যবহার করা যায়। তবে এ ক্ষেত্রে হেডফোন বা ইয়ারফোনের পোর্টগুলো একই হতে হয়।যেহেতু হেডফোন বা ইয়ারফোন কানে লাগিয়ে ব্যবহার করা হয়, তাই ভালো মানের পণ্য ব্যবহার করা উচিত। কেননা ভালো মানের এসব পণ্য ছাড়া কানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।হেডফোন বা ইয়ারফোনের সঙ্গে কোমল আবরণ লাগানো থাকলে কানের ওপর চাপটা কম পড়ে ও কান গরম হয় কম। যাঁরা অনেকক্ষণ ধরে এসব ব্যবহার করেন তাঁদের জন্য এই আবরণ সহায়ক।ইয়ারফোন কিনতে আইডিবিতে এসেছেন দুই বন্ধু—হুমায়রা ও নজিয়া। তাঁরা জানান, পছন্দের গানগুলো মনমতো করে শুনতে হেডফোনের তুলনা হয় না। আবার ইন্টারনেটে কথা বলার জন্য হেডফোনও ব্যবহার করেন তাঁরা।মূলত গানের শব্দ ঠিকমতো শুনতেই হেডফোন বা ইয়ারফোনের ব্যবহারের কথা বললেন তাঁরা।তবে এর অন্য একটি বড় সুবিধাও রয়েছে। চলার পথে বা বাসার সবার সামনে উচ্চ স্বরে গান শুনলে অনেকে বিব্রত বোধ করেন। সে ক্ষেত্রে ভালো সমাধান হেডফোন বা ইয়ারফোন। জোরে শোনার আনন্দ আছে, তেমনি মনের স্বাধীনতাও এখানে শতভাগ!বাজারে গিয়েও এখন হেডফোন বা ইয়ারফোনের চাহিদার কথা বোঝা যায়। বিভিন্ন দোকানে নানা ব্র্যান্ডের এসব পণ্য পাওয়া যাচ্ছে। এসব ব্র্যান্ডের হেডফোন বা ইয়ারফোনের দাম নির্ভর করে মান, ব্র্যান্ড ও শব্দ শোনার ধরনের ওপর। বিভিন্ন মডেলের ডিজাইন ও রকমারি রঙের এসব পণ্য বাজারে পাওয়া যায়। হেডফোনের মধ্যে কোনোটার ব্র্যান্ড চিকন, কোনোটা আবার প্রশস্ত ধরনের। আবার সাদামাটা হেডফোন যেমন দেখা যায়, তেমনি বাঁকানো হেডফোনও মিলছে। কোনো কোনো হেডফোন আবার ভাঁজ করেও রাখা যায়। ইয়ারফোনেও নানা ধরনের রং ও বিচিত্রতা লক্ষ করা যায়।ব্র্যান্ডের হেডফোনের মধ্যে ক্রিয়েটিভ ব্র্যান্ডের বিভিন্ন মডেলের হেডফোন পাওয়া যাচ্ছে ৭৫০ থেকে ১৪৫০ টাকার মধ্যে। এফোরটেক ব্র্যান্ডের হেডফোন পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে। লজিটেকের বৈচিত্র্যময় হেডফোন পাওয়া যাচ্ছে ১২০০ থেকে ১২ হাজার টাকার মধ্যে। এই ব্র্যান্ডের কিছু হেডফোন কম্পিউটারের গেম খেলার জন্যও ব্যবহূত হয়। ইনটেক্স ব্র্যান্ডের হেডফোন মিলছে ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে। কসোনিক ব্রান্ডের হেডফোন পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকার মধ্যে। বাজারে নন ব্র্যান্ডের বিভিন্ন হেডফোন পাওয়া যাবে ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। এসবের মধ্যে তারহীন কিছু হেডফোন বাজারে পাওয়া যায়। সর্বোচ্চ ১০ মিটারের মধ্যে গান শোনার জন্য এই হেডফোনগুলো ব্যবহার করা যায়। এগুলোর দাম ৬০০ থেকে ৮০০ টাকা।এ ছাড়া বিভিন্ন ইয়ারফোনের মধ্যে লজিটেক ব্র্যান্ডের দাম এক হাজার ২০০ টাকা, এই ব্রান্ডের আলটিমেট মডেলের ইয়ারফোনের দাম পড়বে এক হাজার ৩০০ টাকা থেকে দুই হাজার ৬০০ টাকা। অ্যালটেক ব্র্যান্ডের এয়ারফোনের দাম পড়বে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা। ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের কম্পিউটার বাজারসহ বিভিন্ন কম্পিউটার পণ্যের দোকানে এসব পণ্য কিনতে পাওয়া যায়।গান শোনা বা কথা বলার জন্য আপনার সঙ্গীও হতে পারে এসব হেডফোন বা ইয়ারফোন।