
ইয়ার কাফ; দেশি ফ্যাশনে নতুন সংযোজন। পশ্চিমা ফ্যাশন ধারায় বেশ কিছুদিন আগে শুরু হলেও আমাদের দেশের তরুণীদের ইদানীং কানে ইয়ার কাফ পরতে দেখা যাচ্ছে।
কানের দুলের সঙ্গে এর পার্থক্য হলো, এটি পুরো কান জুড়ে থাকে। কানের লতিতে ইয়ার কাফের নিচের অংশ এবং ওপরের প্রান্তে কাফের ওপরের অংশটি লাগিয়ে পরতে হয়। এর জন্য কানে কোনো ছিদ্র থাকারও প্রয়োজন নেই। চাপ দিলেই লেগে যাবে। কথা হলো, ওপাল ফ্যাশন ওয়্যারের প্রধান নির্বাহী রুবাইজা দীপার সঙ্গে। তিনি জানালেন, ইয়ার কাফ মূলত দুই রকমের হয়; নিচের দিকে ঝোলানো এবং কানের ওপর বসানো। আমাদের দেশের মেয়েরা সাধারণত চুলটা খুব ছোট রাখে না তাই এখানে ঝোলানো ইয়ার কাফই বেশি চলছে বলে জানালেন তিনি। এর আরেকটি কারণ হচ্ছে এটি প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই মানিয়ে যায়। তাঁর মতে, ইয়ার কাফের ধরন বাছাইয়ের ক্ষেত্রে চুলের ধরন ও দৈর্ঘ্যের কথা খেয়াল রাখা উচিত। লম্বা চুলে যেমন ঝোলানো ভালো লাগবে তেমনি ছোট চুল হলে কানের ওপরের অংশে বসানোটা পরলেই বেশি মানাবে। চুল সোজা হলে সব ধরনের ইয়ার কাফেই মানিয়ে যাবে। ইয়ার কাফ পরলে চুলগুলোকে একটু গুছিয়ে রাখার পরামর্শ দেন রুবাইজা। কারণ, এলোমেলো চুলের আড়ালে চলে গেলে তো এটি পরারই প্রয়োজন নেই। চুল ছেড়ে সেট করতে পারেন অথবা সামনের দিকে চুল পাফ করে করতে পারেন একটি পনিটেইল।
এটি এক কানেই সাধারণত পরা হয়। সাধারণত বাঁ কানেই ইয়ার কাফ পরতে দেখা যায়। তবে শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গার সঙ্গে দুই কানে কাফ পরলেও ভালো দেখাবে। কিছু ইয়ার কাফ আছে যা টানার মতো ঝুলিয়ে চুলেও লাগানো যায়। বিয়ের অনুষ্ঠান বা জমকালো দাওয়াতে এ ধরনের ইয়ার কাফ বেশ দেখাবে।
প্রাইড গ্রুপের বিপণন যোগাযোগ ব্যবস্থাপক সুম্বেল মোমেন জানালেন ইয়ার কাফে মেটালের পাশাপাশি এখন পাথরের ব্যবহারও করছেন তাঁরা। যা দেখতে অনেকটা কুন্দনের মতো। এ ধরনের ইয়ার কাফ ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে ভালো লাগবে। এই অলংকারটি এতই নজরকাড়া যে এটি পরলে আর গলায় কিছু পরার দরকার হবে না। এমনকি কানে এটি থাকলে চুলেও কোনো জমকালো অনুষঙ্গ ব্যবহার করা উচিত না।
ইয়ার কাফ পাওয়া যাবে আরবান ট্রুথ, রং, ওপাল ফ্যাশন ওয়্যারসহ নানা অনলাইন দোকান ও সীমান্ত স্কয়ারের কিছু গয়নার দোকানে।