কান্দ্যের মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির দোজরীপাড়ার কান্দ্যে এলাকায় একসময় ছিল নলখাগড়া আর ঝোপঝাড়ের রাজত্ব। এসব পতিত জমিতে সবজি ফলিয়ে সাফল্য পেয়েছেন চাষিরা। সুপ্রিয় চাকমা
রাঙামাটির দোজরীপাড়ার কান্দ্যে এলাকায় একসময় ছিল নলখাগড়া আর ঝোপঝাড়ের রাজত্ব। এসব পতিত জমিতে সবজি ফলিয়ে সাফল্য পেয়েছেন চাষিরা। সুপ্রিয় চাকমা

দুই পাশে উঁচু পাহাড়। মাঝখানে বিশাল উপত্যকা। পাশে বয়ে চলেছে খাল। যত দূর দৃষ্টি যায় সুবজ আর সুবজ। শীতকালীন সবজিতে ভরপুর ফসলের মাঠ। এই দৃশ্য রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের দোজরীপাড়ার কান্দ্যে এলাকার।
পাহাড়ের পাদদেশের জমিগুলো একসময় ছিল পতিত। কাশবন আর নলখাগড়ায় ভর্তি ছিল। ফলে এতে আবাদ করার কথা কেউ মাথায়ও আনেননি। কিন্তু দিনে দিনে পাল্টেছে সেই ধারণা। এগিয়ে এলেন গ্রামবাসী। আগাছা সাফসুতরো করে গড়ে তুললেন আবাদি মাঠ। কৃষিতে এসেছে ব্যাপক পরিবর্তন। চাষে ব্যবহার হচ্ছে পাওয়ার টিলার ও সেচযন্ত্র (পাম্প মেশিন)।
রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা আপ্রু মারমা কৃষি বিভাগের ১৯৯১-৯২ থেকে ২০১৩-১৪ সালের জরিপ উল্লেখ করে জানান, ওই সময়ে কান্দ্যের ব্লকে পরিবার সংখ্যা ১৮১ থেকে ৩২৭ হয়েছে। বোরো আবাদ ৩ দশমিক ৫ হেক্টর থেকে ১৭ হেক্টর, শীতকালীন সবজি ৪ দশমিক ২৯ হেক্টর থেকে ১৭ হেক্টর, গ্রীষ্মকালীন সবজি ৪ দশমিক ৭ হেক্টর থেকে ২০ হেক্টর হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, রাঙামাটি শহরের পূর্ব পাশের কাপ্তাই হ্রদসংলগ্ন উত্তর-দক্ষিণমুখী দুটি পাহাড়ের মধ্যে ১২ থেকে ১৫ কিলোমিটার দীর্ঘ উপত্যকা। তাতে ফসলের মাঠে কাজে ব্যস্ত কৃষক। কেউ শীতকালীন সবজি তুলছেন। কেউ রোপণ করছেন বোরোর চারা।

পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন এক আদিবাসী কৃষক (ইনসেটে) l সুপ্রিয় চাকমা
পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন এক আদিবাসী কৃষক (ইনসেটে) l সুপ্রিয় চাকমা

রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গান্ধী লাল চাকমা ও নারী সদস্য আলো রানী চাকমা জানান, একসময় তঁাদের শাকসবজি কিনে খেতে হতো। এখন উৎপাদিত সবজি রাঙামাটি শহরের বাজারে বিক্রি করেন। এ ছাড়া ওই এলাকায় মাত্র ২৫ থেকে ৩০ পরিবারের ছিল ধানি জমি। এখন তিন শতাধিক পরিবারের ধানি জমি আছে।
কান্দ্যের এলাকার চাষিদের সঙ্গে আলাপে জানা যায়, ১০-১২ বছর আগে উপত্যকায় ভরা ছিল কাশ আর নলখাগড়া বন। ২০০২-০৩ সালের দিকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা প্রকল্পের’ অধীনে পাশাপাশি ছয়টি পাড়ায় পাড়া উন্নয়ন কমিটি (পিডিসি) গঠন করে দেয়। ওই সময় ইউএনডিপির পক্ষ থেকে প্রত্যেক কমিটিকে এককালীন সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়। সেই টাকায় প্রত্যেক পাড়ায় কেনা হয় পাওয়ার টিলার ও সেচযন্ত্র। তারপর শুরু হয় ভূমিসংস্কারের কাজ। পিডিসি থেকে পাওয়ার টিলার ও সেচযন্ত্র ভাড়া নিয়ে চাষ করে কয়েক বছরের মধ্যে এলাকার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। এখন অনেকেই বক্তিগতভাবে কিনেছেন পাওয়ার টিলার।
দোজরীপাড়া পিডিসি সভাপতি ও ইউপি সদস্য গান্ধী লাল চাকমা জানান, পিডিসি সদস্যদের জন্য জ্বালানি খরচ বাদে দৈনিক ৮০০ টাকা এবং অন্যদের এক হাজার টাকায় পাওয়ার টিলারের ভাড়া দেওয়া হয়। সেচযন্ত্রের ভাড়া জ্বালানি ছাড়া দৈনিক ২০০ টাকা। ভাড়ার টাকা জমা রেখে মেশিন মেরামত এবং রাস্তা পরিষ্কারসহ পাড়া উন্নয়নে নানা কাজ করা হয়।
গ্রামের চাষি জ্ঞানেন্দু চাকমা (৩৮) বলেন, ‘গরু দিয়ে হালচাষ করে এক মাসে যে কাজ হয়, একই পরিমাণ কাজ পাওয়ার টিলার দিয়ে এক দিনেই করা সম্ভব। তা ছাড়া হালচাষের জমিতে শক্ত জংলি আগাছা জন্মে। কিন্তু পাওয়ার টিলার দিয়ে মাটি কর্ষণ করা হলে আগাছা হয় না।’
বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গিরি চাকমা বলেন, ‘কান্দ্যের মানুষ কৃষিতে যেভাবে উন্নতি করেছে তা অভাবনীয়। একসময়ের দারিদ্র্যক্লিষ্ট এলাকাটি এখন সমৃদ্ধিশালী।’