কান্না থামছে না পারভিনের স্বজনদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখের সামনেই পুলিশের গুলিতে প্রাণ গেল বড় বোন পারভিনের। সেই ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না কেইপিজেডের জুতার কারখানার শ্রমিক নাছিমা আক্তার (ডানে)  প্রথম আলো
চোখের সামনেই পুলিশের গুলিতে প্রাণ গেল বড় বোন পারভিনের। সেই ঘটনা কিছুতেই ভুলতে পারছেন না কেইপিজেডের জুতার কারখানার শ্রমিক নাছিমা আক্তার (ডানে) প্রথম আলো

কান্না থামছে না পারভিন আক্তারের (২২) মা ও বোনসহ পরিবারের সদস্যদের। ঘটনার পর থেকে ঘরে রান্না হয়নি, মুখে খাবারও তুলতে পারছেন না তাঁরা। প্রতিদিনের মতো কাজে বেরিয়ে এভাবে লাশ হয়ে ফিরবেন পারভিন, সেটা মানতে পারছেন না স্বজনেরা।

গত শুক্রবার দুপরে পারভিনের বাসায় গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাত এলাকার (কেইপিজেড) কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ কারখানার শ্রমিক পারভিন আক্তার গত বৃহস্পতিবার শ্রমিক-পুলিশ সংঘর্ষে নিহত হন। ওই দিন আরও ২০ জন শ্রমিক আহত হন।

মেয়ের মৃত্যুর খবর শোনার পর থেকেই পারভিনের মা মাজেদা খাতুন (৬৫) বারবার জ্ঞান হারাচ্ছিলেন। আহাজারি করতে করতে তিনি বলেন, ‘প্রতিদিনের মতো সকালে মেয়েটি ঘর থেকে বের হয়ে রাতে লাশ হয়ে ফিরল। একজন মা হয়ে এটা কীভাবে মেনে নেব? সংসারের অভাব দূর করতে গিয়ে মেয়েটা এভাবে খুন হলো!’

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিক পারভিনের ছোট বোন নাছিমা আক্তার (১৯) এখনো স্বাভাবিক হতে পারেননি। বোনের কথা জানতে চাইলে কান্না জড়ানো কণ্ঠে বলেন, ‘আমরা ভাবেছিলাম কারখানার মালিক পক্ষের অন্যায়ের প্রতিবাদে কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করব। এ জন্য সবাই মাঠে অবস্থান নিই। কিন্তু পুলিশ ঠান্ডা মাথায় গুলি করল। চোখের সামনেই আমার বোন ছটফট করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেল। শ্রমিকের শ্রমে কারখানা চলে, অথচ তাঁদের অভাব দূর হয় না, উল্টো রক্ত ঝরে।’

পারভিনের প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী প্রমি আকতার (১৯) বলেন, ‘পারভিন গুলিবিদ্ধ হওয়ার কয়েক মিনিট আগে ফোন করেছিল। সে মারা গেছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না। এভাবে শ্রমিকদের ওপর কেন গুলি চালানো হলো? আমরা এই প্রশ্নের জবাব চাই।’

পারভিনের বড় ভাই আবু তাহের বলেন, ‘দুই বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের অভাব ঘুচাতে চাকরি নেয় সে। এ বছর তার বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু তা আর হলো না।’

পারভিনের প্রতিবেশী ও চাচা আবদুল জলিল (৫৫) বলেন, ‘আমার চাচাত ভাইয়ের অভাবের সংসার। কিন্তু সবাই পরিশ্রম করায় সব কিছু ঠিকমতোই চলছিল। পারভিনের মৃত্যু সব এলোমেলো করে দিল। হঠাৎ করে এভাবে অন্ধকার নেমে আসবে তা ভাবিনি।’

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার সময় পারভিনকে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদ ও আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সেখানে যান।

এদিকে, এই ঘটনার পর আনোয়ারা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদ আহমদের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (বন্দর) মোস্তাক আহমদ, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক ও কেএসআইএলের ব্যবস্থাপক নাহিদ হাসানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নিহত পারভিনের পরিবারকে ছয় লাখ টাকার অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়।