কান্না নিয়ে বিজয় আসে ফতেয়াবাদের ছড়ারকূলে
১০ এপ্রিল, ১৯৭১। তখনকার রামগড় সড়কের ফতেয়াবাদ অংশের একটি সেতু উড়িয়ে দেন মুক্তিযোদ্ধারা। এতে বেশ বেকায়দায় পড়ে যায় পাকিস্তানি হানাদাররা। সড়কপথে সামনে এগোতে না পেরে সব রাগ গিয়ে পড়ে গ্রামবাসীর ওপর। এলাকায় মুক্তিযোদ্ধাদের ঘাঁটি রয়েছে এমনটি পাকিস্তানি সেনারা ভেবে আক্রমণ করে গ্রামে। এলোপাতাড়ি গুলি আর আগুনের লেলিহান শিখার ফাঁদ থেকে যে যেদিকে পারেন সেদিকে পালিয়ে যান। ছড়ারকূল এলাকার ডা. নুরুল ইসলাম বাড়ির নারী-পুরুষ ও শিশুরা প্রাণভয়ে লুকিয়ে ছিল বাড়ির পাশের ছড়া ও ঝোপঝাড়ে। এ সময় পাকিস্তানি বাহিনী তাঁদের পালিয়ে যাওয়ার নির্দেশ দেয়। মানুষগুলো যখন প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিলেন, তখনই গর্জে ওঠে হানাদারের মারণাস্ত্র, পেছন থেকে নির্বিচারে গুলি করে। আর এতে শহীদ হন ১৭ জন নারী-পুরুষ ও শিশু। আশপাশের বাড়িঘর জ্বালিয়ে দেয় পাকিস্তানি বাহিনী। সেদিন স্রেফ ভাগ্যের জোরে বেঁচে যাওয়া সকিনা খাতুন ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডুকরে কেঁদে ফেলেন। তিনি বলেন, ‘মায়ের থেকে শুনেছি তখন আমার বয়স ছিল দুই বছর। প্রাণভয়ে আমার বাবা-ভাইবোন, দাদি ও চাচা চাচি আশ্রয় নিয়েছিলেন বাড়ির পাশের একটি ছড়ায়। আমি বড় বোন রাবেয়া খাতুনের কোলে ছিলাম। পাকিস্তানি সেনারা পেছন দিক থেকে গুলি করছিল। একটি গুলি বড় বোন রাবেয়ার গলার পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হয়ে যায়, আমার বোন শহীদ হন। তাঁর কাঁধে আমার হাত ছিল, ওই গুলিতে আমার হাতের তিনটি আঙুল ছিন্ন হয়ে যায়।’প্রতিবছর বিজয়ের মাস কান্না নিয়ে আসে ছড়ারকূল এলাকার ১৭ শহীদের পরিবারে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শহীদদের স্মৃতি রক্ষায় কয়েক বছর আগে ঘটনাস্থলে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, তবে সেটি পড়ে রয়েছে অযত্ন-অবহেলায়। শহীদদের স্মরণে কোনো উদ্যোগ নেওয়া হয় না। শহীদ পরিবারের খোঁজ নেন না কেউ। শহীদ পরিবারের বেঁচে থাকা সদস্যরা জানান, ওই দিন একই পরিবারের ছয়জন শহীদ হন। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া শহীদ আনু মিয়ার ছেলে নুর মোহাম্মদ ও এয়ার মোহাম্মদ বলেন, ‘আমাদের বাবা ভাই, বোন, দাদি ও চাচা-চাচিসহ মোট ছয়জকে পাকিস্তানি সেনারা নিমর্মভাবে হত্যা করে। আমরা ভাগ্যক্রমে বেঁচে গেলেও ছোট বোন সকিনা খাতুন গুরুতর আহত হয়।’ নূর মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অভাব-অনটনে চলছে আমাদের পরিবার। আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াতে অনেকের কাছে গেছি। আশ্বাস পেয়ে পেয়ে কেটেছে ৪০ বছর। এখন তো মৃত্যুর প্রহর গুনছি।’ শহীদ তফাজ্জল হোসেনের ছেলে মো. ঈসা বলেন, ‘১৯৭১ সালে শহীদ পরিবার দুই হাজার টাকা ও আহতদের এক হাজার টাকা দিয়েছিল সরকার। এরপর আর কেউ খোঁজ নেয়নি।’ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে সেদিন শহীদ হয়েছিলেন মোহাম্মদ তফাজ্জল হোসেন, আনু মিয়া, রফেয়া খাতুন, নাজমা আক্তার, ফাতেমা বেগম, কামাল হোসেন, মেহের আলী, মো. ইউনুচ, মো. নুরুল ইসলাম, বজল আহাম্মদ সারাং, মঙ্গল চান, মো. ইসমাইল, চুন্নু মিয়া, সুলতান আহমদ, আহমদ কবীর ও নুরুল ইসলাম।হাটহাজারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম বলেন, ‘ছড়ারকূলের গণকবরকে বধ্যভূমি হিসেবে সংরক্ষণ করতে হবে। ঘটনাস্থলে নির্মিত স্মৃতিসৌধকেও সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। এ ছাড়া শহীদ পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়া দরকার।’