কাপ্তাই উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণ
কাপ্তাই উচ্চবিদ্যালয়ের বার্ষিক খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পুলিশ সুপার মাসুদুল আলম ও উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন মারমা। বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুুরুল হক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন। প্রতিমন্ত্রী কৃতী শিক্ষার্থী এবং খেলাধুলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও সমান তালে চালাতে হবে। সেই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়েও জ্ঞানার্জন করতে হবে।’ তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলেও জানান।