কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যাত্রী হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বাসে যাত্রী-হয়রানি দিন দিন বাড়ছে। অতিরিক্ত যাত্রী বোঝাই, ইঞ্জিনের কভারের ওপর বসতে যাত্রীদের বাধ্য করা এবং যেখানে-সেখানে থামিয়ে যাত্রী উঠানো-নামানোর যন্ত্রণা অসহ্য হয়ে উঠেছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। ৯ সেপ্টেম্বর কাপ্তাই সড়কের বুড়ির দোকান এলাকায় দেখা গেছে, একটি যাত্রীবাহী বাসে গাদাগাদি করে যাত্রী বোঝাই করা হয়েছে। ইঞ্জিন কভারের ওপর দুইজন আদিবাসী নারী যাত্রীকে বসতে বাধ্য করছেন বাসের সহযোগীরা। বাসের ছাদেও অবৈধভাবে তোলা হয়েছে ১৫-২০ জন যাত্রী। এ বিষয়ে বাসের চালক সোনা মিয়ার সঙ্গে কথা বলতে চাইলে তিনি নিজেকে অসুস্থ দাবি করে কোনো কথা বলতে রাজি হননি। চালক তাঁর বাম পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যান্ডেজ বাঁধানো দেখিয়ে বলেন, ‘আমি অনেক কষ্ট করে গাড়ি চালাচ্ছি।’ গাড়ি চালানোর সময় ব্রেক করতে দুটি পায়ের সমান কাজ থাকে। কিন্তু একটি পা ভালোভাবে কাজে লাগাতে পারছিলেন না।এভাবে গাড়ি চালানো বিপজ্জনক কি না জানতে চাইলে চালক সোনা মিয়া বলেন, ‘কষ্ট হচ্ছে এবং ভয়ও আছে। তবু গাড়ি চালাতে বাধ্য হচ্ছি।’ এ সময় বাসের যাত্রী হুমায়ুন কবির বলেন, ‘আমরা ঠিকমতো বসতে পারছি না। গায়ের ওপর লোক দাঁড়িয়ে আছেন। তার ওপর বিভিন্ন মালামালও তোলা হয়েছে। বাসের আসনগুলো এত ছোট যে ঠিকমতো বসাও যায় না। যাত্রী মমতাজ উদ্দিন বলেন, ‘কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কের প্রতিটি বাসের একই চিত্র। বিরতিহীন বাসে নির্ধারিত স্থান ছাড়া যাত্রী উঠানোর নিয়ম না থাকলেও যেকোনো জায়গা থেকে যাত্রী উঠানো হয়।’ যাত্রীরা বাসচালকদের কাছে জিম্মি হয়ে আছেন বলে অভিযোগ করেন একাধিক যাত্রী।এ ব্যাপারে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির সরকার বলেন, বিআরটিএর নিয়ম অনুযায়ী অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত মালামাল বাসের ভেতরে তোলার নিয়ম নেই। ইঞ্জিন কভারের ওপর আসন তৈরি করে যাত্রী বসানোও অবৈধ। তা ছাড়া, বাসের ছাদে যাত্রী পরিবহন দণ্ডনীয় অপরাধ। তবে এসব বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।কাপ্তাই-চট্টগ্রাম বাসমালিক সমিতির এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, ‘আমরা চালকদের নিয়ম মেনে গাড়ি চালাতে বলেছি। তাঁরা গাড়িতে কোনো অনিয়ম করছেন বলে অভিযোগ সচরাচর আমাদের কাছে আসে না। কোনো যাত্রী এসব বিষয়ে কখনো অভিযোগও করেননি।’ তবে সমিতির পরবর্তী সভায় আলোচনা করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।