কাপ্তাই পলিটেকনিকে শিক্ষা সমাপনী অনুষ্ঠান
নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ৪২তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠান। এ উপলক্ষে ১৪ জুলাই দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক উ ৎ সব, আলোচনা, পুরস্কার বিতরণ ও ব্যান্ড শো পরিবেশন। এক হাজার ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে মুখর ছিল পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান গেট থেকে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রার উদ্বোধন করেন বিএসপিআইয়ের অধ্যক্ষ মোছাদ্দেকুল বারী। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা রংবেরঙের টি-শার্ট পরে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় কেউ বর-কনে, কেউ জংলি, কেউ জোকার, কেউ বা কৃষক সেজে কাপ্তাই মহাসড়ক প্রদক্ষিণ করে। ব্যান্ড পার্টির বাদ্যের তালে তালে শিক্ষক আবদুল মতিন হাওলাদারের নেতৃত্বে শোভাযাত্রাটি এক কিলোমিটার দূরে কর্ণফুলী জলবিদ্যু ৎ কেন্দ্রের গেটে গিয়ে শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে করতালি দিয়ে আনন্দ শোভাযাত্রাকে স্বাগত জানায়। পরে বিএসপিআই খেলার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী। অধ্যক্ষ মোছাদ্দেকুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী কলেজের অধ্যক্ষ বেলাল চৌধুরী ও ৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল লতিফ। ইমদাদুল হক ও রুমানা তাজমীনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক নুরুল কবির, আবদুল মতিন হাওলাদার ও সাংবাদিক কাজী মোশাররফ হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মো. জাহাঙ্গীর আলম, আশীষ চাকমা, মাজেদ খান, অর্পিতা দত্ত, জাহিদুল আলম, বিপ্লব ভট্টাচার্য্য, মিজানুর রহমান, রাকিবুল আহসান, আমিরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।প্রধান অতিথি অংসুই ছাইন চৌধুরী বলেন, তিন পার্বত্য জেলার একমাত্র কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বিএসপিআই সারা দেশে আলাদা মর্যাদা পায়। তবে শিক্ষার্থীদের আবাসন সমস্যার কারণে অনেকে মন দিয়ে লেখাপড়া করতে পারে না। তিনি বলেন, আবাসন সমস্যা সমাধান করতে পার্বত্য মন্ত্রণালয়ের মাধ্যমে চলতি অর্থবছরে একটি ছাত্রাবাস নির্মাণ করা হবে। এ ছাড়া একটি গ্রন্থাগার ও মিলনায়তন নির্মাণেরও আশ্বাস দেন তিনি। রাতে ব্যান্ড শো পরিবেশন করা হয়।