কাপ্তাই ফায়ার স্টেশনের বিদ্যুৎসংযোগ নিয়ে দুই পক্ষের টানাটানি
১৯৬৭ সালে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। প্রতিষ্ঠানটির কাছে বিদ্যুৎ বিভাগের বর্তমানে ১৩ লাখ ৬০ হাজার টাকা বকেয়া পাওনা রয়েছে। ২৭ জুনের মধ্যে এই টাকা পরিশোধ করা না হলে এর সংযোগ কেটে দেওয়া হবে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, এমন একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিদ্যুৎ না থাকলে কোথাও অগ্নিদুর্ঘটনার সময় জরুরি সেবা দেওয়া সম্ভব হবে না। এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলা কঠিন হয়ে পড়বে।এদিকে বিদ্যুৎ বিল পরিশোধের দায়দায়িত্ব নিয়ে ফায়ার সার্ভিস ও কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বকেয়া বিল পরিশোধ না করায় গত ২৩ মে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। ফলে ২৩ থেকে ২৭ মে এক সপ্তাহ ধরে বিদ্যুতের অভাবে আগুন নেভানোর জন্য পানি সরবরাহকারী গাড়িতে পাম্পের ব্যাটারি চার্জ করা যায়নি। গাড়িতে পানিও তোলা যায়নি। জরুরি প্রয়োজনে সতর্ক ঘণ্টা বাজানোও সম্ভব হয়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় এক মাসের সময় দিয়ে পুনরায় সংযোগ দেওয়া হয়। এ সময়ের মধ্যে বিল পরিশোধ না হলে আবারও সংযোগ কেটে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন বলেন, ‘বিদ্যুৎ বিভাগ কোনো ধরনের আগাম নোটিশ না দিয়ে গত ২৩ মে বেলা ১১টার সময় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তখন থেকে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন কার্যত অচল হয়ে পড়ে। প্রচণ্ড গরমে আমাদের ৩৭ জন কর্মী রাতে এক মুহূর্তের জন্যও ঘুমোতে পারেননি। এদিকে বিষয়টি জানিয়ে ফায়ার স্টেশনের উপসহকারী কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এতে বলা হয়, ‘বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকা অবস্থায় আগুন লাগার ঘটনা ঘটলে এবং প্রয়োজনীয় সেবা দিতে না পারলে তার জন্য কাপ্তাই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ দায়ী থাকবে না।’ দমকল বাহিনী সূত্র জানায়, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র এবং কর্ণফুলী পেপার মিল কেপিআই গ্রেড-১ ভুক্ত (বিশেষ নিরাপত্তা সুবিধাপ্রাপ্ত) শিল্প প্রতিষ্ঠান। এ ছাড়া কাপ্তাই, রাঙ্গুনিয়া এবং রাজস্থলী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায়।লিচুবাগানে অবস্থিত বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. মোশাররফ হোসেন বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার কথা স্বীকার করে বলেন, বকেয়া বিল আদায় করতে কর্তৃপক্ষের সিদ্ধান্তেই কাপ্তাই ফায়ার সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন জানান, কাপ্তাই ফায়ার সার্ভিস ১৯৬৭ সাল থেকে কাপ্তাইয়ে কার্যক্রম চালিয়ে আসছে। শুরু থেকেই সিদ্ধান্ত হয় কাপ্তাই ফায়ার সার্ভিসের বিদ্যুৎ বিলসহ প্রয়োজনীয় ব্যয়ভার কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র (কপাবিকে) বহন করবে। ২০০১ সালের ৪ জুলাই বিদ্যুৎ বিভাগের তৎকালীন যুগ্ম সচিব মাহবুব উল আলম খানের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয়ের সভায়ও এ বিষয়ে পুনরায় সিদ্ধান্ত হয়। এ কারণেই বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি। কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদাউস আলী বলেন, ‘১৯৬৭ সালে নেওয়া সিদ্ধান্ত ৫০ বছর পরেও বহাল থাকতে পারে না। বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে কাজ করে আমরাও প্রতিমাসে বিল পরিশোধ করছি। কাপ্তাই সেনাবাহিনীও নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করছে। কাজেই ফায়ার সার্ভিস বিভাগকেও নিয়ম মেনে চলতে হবে।’ এদিকে গত ২৮ মে কাপ্তাই উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তা মো. জসিম উদ্দিন মজুমদার। তিনি বলেন ‘সাময়িকভাবে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। এক মাস পর (২৭ জুন) আবার সংযোগ বিচ্ছিন্ন করা হবে। দমকল কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকলে কোথাও আগুন লাগলে প্রয়োজনীয় সেবার অভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এ সময় উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি মো. আব্দুর রহমান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।