কাপ্তাই সড়কে অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে প্রতিদিন চালক ও যাত্রীদের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটছে। দুই বছর ধরে এ অবস্থা চলতে থাকলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন যাত্রীরা।স্থানীয় একাধিক সূত্র জানায়, চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার মাথা থেকে চন্দ্রঘোনা লিচুবাগান পর্যন্ত ৩৪ কিলোমিটার সড়কে প্রায় দেড় হাজারেরও বেশি সিএনজি অটোরিকশা চলাচল করে। অটোরিকশার চালকেরা সড়কের বিভিন্ন এলাকায় ৩০টি সমিতি গড়ে তুলে ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করে যাত্রীদের কাছ থেকে আদায় করছেন। পোমরা ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামের আবুল কালাম (৩৪) জানান, অটোরিকশাচালকেরা ২০০৯ সালের শুরুতেই লিচুবাগান বাস স্টেশন থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত আগের ৩০ টাকা বাসভাড়ার স্থলে ৪০ টাকা, প্রতি কিলোমিটার দুই টাকার স্থলে তিন টাকা আর প্রতি কিলোমিটার বিরতিহীন ভাড়া ১৫ টাকার স্থলে ৩০ টাকা আদায় শুরু করেন। এ ভাড়ায় লিচুবাগান থেকে শহরে যেতে পারলেও আসার পথে দুই থেকে পাঁচ গুণ বেশি ভাড়া গুনতে হয় যাত্রীদের। ফলে সড়কের হাটহাজারী উপজেলার কুয়াইশ, বুড়িশ্চর, মদুনাঘাট, রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট, গশ্চি নয়াহাট, পাহাড়তলী বাজার এবং রাঙ্গুনিয়া উপজেলার শান্তিরহাট, গোচরা বাজার, রোয়াজারহাট ও মরিয়মনগর চৌমুহনী বাজারের যাত্রীদের চরম দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হয়।মুরাদনগর পৌর এলাকার আবু নাসের (২৯) জানান, রাঙ্গুনিয়া উপজেলা সদর থেকে রোয়াজারহাট পর্যন্ত মাত্র এক কিলোমিটার সড়কে সমিতির নির্ধারিত বাসভাড়া তিন টাকা হলেও অধিকাংশ চালক পাঁচ টাকা দাবি করেন। বাড়তি ভাড়া নিয়ে অধিকাংশ যাত্রীর সঙ্গে চালকদের হাতাহাতি-মারামারির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। আবু তৈয়ব (২৪) নামের সিএনজিচালিত এক অটোরিকশাচালক বলেন, ‘কাপ্তাই সড়কে ৩০টি অটোরিকশাচালক সমিতিকে দৈনিক পাঁচ টাকা হারে চাঁদা দিয়ে অটোরিকশা চালাতে হয়। বখরা দিতে হয় পুলিশকেও। আবার চট্টগ্রাম শহর থেকে গ্যাস নিতে দিনের অর্ধেক সময় চলে যায়। ফলে দিনশেষে ২০০ টাকা আয়ও নিজের কপালে জোটে না। এ অবস্থায় বাড়তি ভাড়া না নিলে পোষাব কী করে।’রাঙ্গুনিয়া উপজেলার অটোরিকশা চালকদের একটি সমিতির সভাপতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, চালকদের কাছ থেকে সংগৃহীত চাঁদার অর্থ শুধু সমিতি ভোগ করে না। পুলিশসহ অনেককে বশ (ম্যানেজ) করা হয় এ টাকা দিয়ে। কাপ্তাই রাস্তার মাথা, মদুনাঘাট, নোয়াপাড়া, পাহাড়তলী পুলিশ ফাঁড়ি ও দুটি থানায় টাকা দিতে হয়। পুলিশি টহলের (ডিউটি) জন্য নিয়মিত অটোরিকশা সরবরাহ করতে হয়। যাত্রীদের ভাড়া থেকেই তো এসব খরচ মেটানো হয়।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এ প্রসঙ্গে বলেন, পুলিশ ডিউটির জন্য ব্যবহূত সিএনজি অটোরিকশাসহ সব যানবাহনের ভাড়া দেওয়া হয়। কোনো অটোরিকশাচালক সমিতি পুলিশকে মাসোয়ারা দেয় না। অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি বলে জানান।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অটোরিকশাচালক সমিতির দায়িত্বশীল লোকজনকে নিয়ে ভাড়া নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।