কাপ্তাই সড়কে দুর্ঘটনা বাড়ছে
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গত দেড় বছরে ৪১টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২০০ যাত্রী আহত হয়েছে, পঙ্গু হয়েছে ৩১ জন। চালকেরা ট্রাফিক আইন না মানায় সড়ক দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।কাপ্তাই বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, এ সড়কে গড়ে প্রতিদিন ১৩০টি যাত্রীবাহী বাস ও শতাধিক মালবাহী ট্রাক চলাচল করে। এ ছাড়া শতাধিক মাইক্রোবাস, ৪০-৪২টি টেম্পু ও প্রায় দেড় হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে।কাপ্তাই পুলিশ সূত্রে জানা গেছে, ৩ জুলাই চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পোমরা বুড়ির দোকান এলাকায় চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৫-১৬ জন যাত্রী আহত হয়। গত ২৮ জুন একই স্থানে বাস চাপায় নিহত হন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কর্মকর্তা সুকোমল বড়ুয়া। রাঙ্গুনিয়া থানার এক পরিসংখ্যান থেকে জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ২০১০ সালের জানুয়ারি থেকে এ বছরের ৩ জুলাই পর্যন্ত সংঘটিত ৪১টি দুর্ঘটনায় ১৪ জন যাত্রী ও তিনজন চালক নিহত হয়েছেন। ২৩ জন যাত্রী ও আটজন চালক ও চালকের সহকারী পঙ্গু অবস্থায় জীবনযাপন করছেন। প্রায় ১১টি বাস, সাতটি ট্রাক, চারটি মাইক্রোবাস ও ২৭টি সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনায় নষ্ট হয়েছে। কাপ্তাই বাসচালক সমিতির সভাপতি শাহ আলম জানান, অদক্ষ চালকদের কারণে দুর্ঘটনা বাড়ছে। বাসযাত্রী কল্যাণ সমিতির সভাপতি আলী আহমদ জানান, কাপ্তাই সড়কে যেসব বাস যাত্রী নিয়ে চলাচল করে, তার অধিকাংশেরই ফিটনেস নেই। এমনকি বেশির ভাগ চালকের ড্রাইভিং লাইসেন্সও (অনুমতিপত্র) নেই। বিশেষ করে সিএনজিচালিত অটোরিকশার ৯০ ভাগ চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। ফিটনেস না থাকায় সড়কে দুর্ঘটনার হার ক্রমেই বাড়ছে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কাপ্তাই সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নেই। প্রতি দুই মাসে অন্তত একবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যানবাহনের লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট যাচাই করে। তবু ট্রাফিক আইন মানছেন না চালকেরা। ট্রাফিক পুলিশ মোতায়েন হলে সড়কের যানবাহন নিয়ন্ত্রণ সম্ভব হবে, দুর্ঘটনা হ্রাস পাবে।’