সড়কে ধারণক্ষমতার বেশি অটোরিকশা চলাচল করায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা
কাপ্তাই সড়কে নম্বরবিহীন অটোরিকশার ছড়াছড়ি
চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এখন নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার ছড়াছড়ি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়াই চলাচল করছে সাত শতাধিক অটোরিকশা। সড়কে ধারণক্ষমতার বেশি অটোরিকশা চলাচল করায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।রাঙ্গুনিয়া উপজেলা অটোরিকশা চালক সমিতি সূত্র জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ার অজুহাতে বিআরটিএ চার বছর ধরে কাপ্তাই সড়কে অটোরিকশার নিবন্ধন বন্ধ রেখেছে। ফলে সড়কে চলাচলকারী এক হাজার ৪০০ অটোরিকশার মধ্যে চট্টগ্রাম-থ-১১ সিরিয়ালের ১২০ চট্টগ্রাম-থ-১২ সিরিয়ালের ৬০০ অটোরিকশা নম্বর পায়নি।অটোরিকশার মালিক মোহাম্মদ আবছার জানান, কাপ্তাই সড়কে তাঁর আটটি সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। এর মধ্যে চট্টগ্রাম-থ-১১ সিরিয়ালের একটি ও চট্টগ্রাম-থ-১২ সিরিয়ালের চারটির নম্বর নেই। নম্বর ছাড়া অটোরিকশা চলাচলের জন্য কাপ্তাই রাস্তার মাথা থেকে মাসিক ৮০০ টাকায় কিনে ট্রাফিক সার্জেন্টের মনোগ্রাম লাগাতে হয়। এ ছাড়া মদুনাঘাট, নোয়াপাড়া, পাহাড়তলী, রাঙ্গুনিয়া ও কাপ্তাইয়ের বিভিন্ন স্থানেও মাসোহারা দিতে হয় পুলিশকে।রাঙ্গুনিয়া থানা সূত্র জানায়, সড়কে ধারণক্ষমতার বেশি অটোরিকশা বেশি হওয়ায় দুর্ঘটনা বেড়েছে।চলতি বছর কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে ৭০টির বেশি দুর্ঘটনা ঘটে, যার বেশির ভাগ অটোরিকশার কারণে হয়েছে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থান থেকে ওই সময়ে চুরি হয়েছে ৩৯টিরও বেশি অটোরিকশা।কাপ্তাই বাসচালক সমিতির সভাপতি শাহ আলম জানান, রাস্তার মাথা থেকে কাপ্তাই পর্যন্ত ৪৯ কিলোমিটার সড়কে এক হাজার ৪০০ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে, যা ধারণক্ষমতার দ্বিগুণ। তার পরও সড়কে প্রতি মাসে ১৫ থেকে ২০টি অটোরিকশা নামছে। ফলে দুর্ঘটনা বাড়ছে।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মনজুর মোরশেদ এ প্রসঙ্গে বলেন, বিআরটিএর তত্ত্বাবধানে গত এক বছরে সড়কে পাঁচবার অভিযান চালিয়ে অনুমোদনহীন গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পরও পুলিশ যখন সুযোগ পায়, তখন সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।এ ব্যাপারে জানতে চাইলে বিআরটিএ চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শহীদ উল্লাহ বলেন, সড়কে সিএনজিচালিত অটোরিকশা ধারণক্ষমতার বেশি হওয়ায় নতুন অনুমোদন বন্ধ রাখা হয়েছে। তার পরও মালিকেরা অনুমোদন ছাড়াই অটোরিকশা নামাচ্ছে, যা নিয়ন্ত্রণের জন্য বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে যাচ্ছে।