কাপ্তাই সড়কে যাত্রী হয়রানি
কাপ্তাই-চট্টগ্রাম রুটে যাত্রী হয়রানির অভিযোগ বহুদিনের। এর মাত্রা দিনদিন বাড়ছে। ৪০ আসনের বাসে গাদাগাদি করে ৬০ জনের বেশি যাত্রী তোলা হয়। এ ছাড়া তোলা হয় বিভিন্ন ধরনের মালামাল। এ ব্যাপারে বাসের সহযোগী (হেলপার) ও চালককে অনেক বলেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না বলে জানান এ সড়কে নিয়মিত চলাচলকারী একাধিক যাত্রী। বাসযাত্রী রুহুল আমিন জানান, ব্যবসায়িক কাজে তাঁকে এক দিন পর পর চট্টগ্রাম শহরে যেতে হয়। এক মিনিট চলার পর লিচুবাগান বাসস্টেশন থেকে এক শ গজ দূরে এসে বাস কমপক্ষে ১০ মিনিট অপেক্ষা করে যাত্রী ডাকাডাকি করেন। অনেক বলার পর বাস ছাড়লেও চলে অতি ধীরগতিতে। সারা পথে যাত্রী তোলা হয়। এসব অনিয়ম এখন নিয়ম হয়ে গেছে বলে জানান রুহুল আমিন।রাঙ্গুনিয়া হাসিনা জামান কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, ‘বাসের লোকজন ইচ্ছামতো বাস চালান আবার থামান। অনেক সময় বিভিন্ন স্থান থেকে সেগুন কাঠও তোলা হয়।’ কাপ্তাই মানবাধিকার কমিশনের সহসভাপতি টি এস তালুকদার জানান, কাপ্তাই চট্টগ্রাম সড়কে বাসযাত্রীরা প্রতিদিন মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। তাঁর মতে, কাপ্তাই সড়কে তিন ধরনের বাস থাকলেও তাঁদের নিজস্ব প্রয়োজনে সবাই এক হয়ে যান। তিনি জানান, লোকাল বাস ৪৯ কিলোমিটার কাপ্তাই সড়কের প্রায় ৩৮টি স্টপজে থামবে এটাই স্বাভাবিক। বিরতিহীন লিচুবাগান থেকে ছাড়ার পর রোয়াজারহাটে থামবে এবং সেখান থেকে ছয় যাত্রী তুলবে। এটা বাসমালিক সমিতির লিখিত সিদ্ধান্ত। আর শাহ আমানত কাপ্তাই থেকে ছেড়ে বরইছড়ি ও লিচুবাগানে যাত্রী তোলার কথা। বিরতিহীন ও শাহ আমানতে ৪০ আসনের বাইরে কোনো যাত্রী ওঠানোর কথা না থাকলেও প্রতিদিনই তাঁরা অতিরিক্ত যাত্রী তোলেন। শুধু তাই নয়, বিরতিহীন এবং শাহ আমানত প্রায় প্রতিটি স্টপজে থামে এবং যাত্রী নিয়ে থাকে। নারী যাত্রী রহিমা আক্তার জানান, বাসচালক ও সহযোগীদের অত্যাচারে যাত্রীরা অতিষ্ঠ। কোনো যাত্রী বাড়তি যাত্রী তোলা এবং যেখানে-সেখানে বাস থামানোর প্রতিবাদ করলে বাসের লোকজন ধমক দেন। ফলে সম্মানহানির ভয়ে কেউ প্রতিবাদ করতে চান না। যাত্রী বিলকিছ আক্তার জানান, বহদ্দারহাট টার্মিনাল থেকে বাস ছাড়া হলেও ৩০ সেকেন্ড পর বড় রাস্তার মুখে এসে বাস দীর্ঘ সময় অপেক্ষা করে। ঠাসাঠাসি যাত্রী না হওয়া পর্যন্ত বাস ছাড়া হয় না। পরে যাত্রীরা হইচই করলে বাস ছাড়া হয়। কিন্তু কাপ্তাই রাস্তার মাথায় এসে আবার যাত্রী তোলা হয়। সেখান থেকে মদুনাঘাট সেতু পর্যন্ত সারা পথেই দেখা যায় একই অবস্থা। একাধিক যাত্রী জানান, বিরতিহীন বাসে ৩০ টাকা ভাড়া হলেও অনেক ক্ষেত্রে লোকাল যাত্রী ৫-১০ টাকায়ও তোলা হয়। ইঞ্জিনের বাক্সের (বনেট) ওপর বসার ব্যবস্থা করে ৪০ আসনের বাসকে ৫২ আসনের বানানো হয়। তার ওপর অনেক যাত্রী নেওয়া হয় দাঁড় করিয়ে। সূত্র জানায়, কাপ্তাই সড়কে প্রতিদিন ১৪৮টি বাস চলাচল করে। এর মধ্যে লোকাল বাস প্রতি ১৫ মিনিট পর, বিরতিহীন সকাল আটটা থেকে বেলা ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতি ১২ মিনিট পর, অন্যান্য সময় প্রতি ১৫ মিনিট পর এবং শাহ আমানত বাস প্রতি ২০ মিনিট পর ছাড়ার কথা। লিচুবাগান থেকে চট্টগ্রাম পর্যন্ত লোকাল বাস দেড় ঘণ্টা, বিরতিহীন এক ঘণ্টা এবং কাপ্তাই থেকে শাহ আমানত দেড় ঘণ্টায় চট্টগ্রাম পৌঁছার কথা। কিন্তু কোনো কোনো বাসে দ্বিগুণ সময় লাগে গন্তব্যে পৌঁছতে। অধিকাংশ বাসের ফিটনেস নেই। লিচুবাগান থেকে চট্টগ্রাম পর্যন্ত কাপ্তাই সড়কের কোথাও ট্রাফিক সার্জেন্ট নেই। যে কারণে চালকেরা স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন।বিরতিহীন বাসের সহযোগী মো. আলমগীর অতিরিক্ত যাত্রী তোলার কথা স্বীকার করে বলেন, ‘আমরা তো যাত্রীকে জোর করে বাসে তুলছি না। যাত্রীরাই নিজেদের প্রয়োজনে অনেকটা জোর করে উঠছেন।’ বিরতিহীন বাসে মাঝেমধ্যে স্থানীয় লোকজনও উঠে পড়েন বলে তিনি স্বীকার করেন। তবে বাসচালক ও সহযোগীদের স্বেচ্ছাচারীতার কথা তিনি অস্বীকার করেন। লিচুবাগান ও বহদ্দারহাট টার্মিনালে দেরি করার কোনো সুযোগ নেই দাবি করে তিনি জানান, নির্ধারিত সময়ের পরে বাস স্টেশনে অবস্থান করলে প্রতি মিনিটে ২০ টাকা হারে জরিমানা দিতে হয়। তা ছাড়া লিচুবাগান থেকে চট্টগ্রামের দিকে আসা প্রতিটি বাসের সময় পর্যবেক্ষণ করা হয় রোয়াজারহাট টিকিট কাউন্টারে। অতিরিক্ত সময় লাগার ব্যাপারে সেখানে জবাবদিহির ব্যবস্থা করতে হয়। বাসচালক সোনা মিয়া জানান, কাপ্তাই সড়কে কয়েকটি নির্মীয়মাণ কালভার্ট রয়েছে। এ ছাড়া অটোরিকশা এমন বেড়েছে যে নির্বিঘ্নে বাস চালানো সম্ভব হয় না। এসব কারণে গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, যাত্রীবাহী বাস চলাচলের ব্যাপারে সুনির্দিষ্ট আইন আছে। নির্ধারিত আসনের বেশি যাত্রী ও ভারী মালামাল বহন এবং যাত্রী হয়রানি আইন পরিপন্থী উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে কেউ আইনের আশ্রয় নিলে তদন্ত শেষে দোষীকে শাস্তি দেওয়ার বিধান রয়েছে।