কাপ্তাই সড়কে যানজট ও দুর্ঘটনা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। গত ১০ মাসে এই সড়কে ২৯টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছে। গত ২০ বছরে এই সড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটলেও সড়ক ও জনপথ বিভাগ দুর্ঘটনা রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি থেকে রেশম বাগান পর্যন্ত ১৭টি, রাঙ্গুনিয়া উপজেলার সেগুনবাগান থেকে জিয়ানগর পর্যন্ত ১২টি, রাউজান উপজেলার তাপবিদ্যুৎকেন্দ্র থেকে মদুনাঘাট সেতুর পূর্বপাশ পর্যন্ত ১১টি, মদুনাঘাট সেতুর পশ্চিম পাশ থেকে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত ছয়টি বাঁক রয়েছে। এসব বাঁক ইংরেজি ভি, ইউ ও জেড অক্ষর কিংবা সাপের লেজের মতো বাঁকানো। এসব বাঁকের দুইপাশে অবৈধ দোকানপাট, বহুতল ভবন গড়ে ওঠায় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না। কোনো কোনো বাঁকে পাহাড় ও গাছপালা থাকায় যানবাহনের গতিবিধি দৃষ্টির বাইরে থেকে যায়। এ কারণে যানচলাচলে প্রায় মুখোমুখি সংঘর্ষ ঘটে বাঁকগুলোতে।বাসচালক মো. হারুন (৩৭) জানান, সড়কের রাউজান উপজেলার কাতাল পীরের মাজারের পাশে ভি আকৃতির বাঁকটি সবচেয়ে বিপজ্জনক। যান চলাচলের সময় বাঁকটির এপাশ ওপাশ দেখা যায় না। তাই এ বাঁকে প্রতিনিয়ত মুখোমুখি সংঘর্ষ ঘটে যানবাহনের। চলতি সনের ১০ মাসে শুধু এই বাঁকে সাতটি দুর্ঘটনা ঘটেছে। একইভাবে রাউজান উপজেলার ধরের টেক, কালুমরার টেক, পথেরহাট, নোয়াপাড়া কলেজ গেট, রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালী, পোমরা সত্যপীরের দরগাহ ফটক, ইস্টার্ন কেমিক্যাল কারখানা গেট, কাপ্তাই উপজেলার বড়ইছড়ি, ব্যাঙছড়ি, হাটহাজারী উপজেলার মোহরা, উরকিরচর, বুড়িশ্চর কলেজ এলাকার বাঁকগুলোতেও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।রাঙ্গুনিয়া থানার এক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের ১০ মাসে ২৯টি দুর্ঘটনায় নয় যাত্রী ও এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছে তিন শতাধিক যাত্রী। এর মধ্যে ২৩ জন যাত্রী, আটজন চালক ও হেলপার পঙ্গু হয়েছেন। ১১টি বাস, সাতটি ট্রাক, চারটি মাইক্রোবাস ও ২৭টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যাওয়ায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম বলেন, সড়কে বাঁক থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু যানবাহন বৃদ্ধি ও অদক্ষ চালকের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। ট্রাফিক আইন মেনে না চলায় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলা যাত্রীকল্যাণ সমিতির সভাপতি আলী আহমদ বলেন, বাঁকগুলোতে দুর্ঘটনায় জানমালের ব্যাপক ক্ষতি হলেও সড়ক ও জনপথ বিভাগ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। সড়ক ও জনপথ বিভগের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী জুলফিকার হোসেন প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বাঁকগুলো সমান্তরাল করার উদ্যোগ নেওয়া হবে।