কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। সাম্প্রতিক বৃষ্টির পর ভাঙনের মাত্রা বেড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার ওপর বিভিন্ন স্থানে পানি জমে থাকে। এ অবস্থায় সড়কে স্বাভাবিক গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে। বাড়ছে জনগণের ভোগান্তি। ২ অক্টোবর সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বেঙছড়িতে নতুন নির্মিত সেতুর একপাশে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। শীলছড়ি, বালুরচর, চিৎমরম, জাতীয় উদ্যান, হাতির টেকসহ আরও কয়েক স্থানেও ছোট-বড় গর্ত ও ভাঙন দেখা দিয়েছে। গর্তে সারাক্ষণ পানি জমে থাকে। এসব কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যেকোনো মুহূর্তে গর্তের ভেতর চাকা আটকে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন চালকেরা। দুর্ঘটনার আশঙ্কায় সড়কের ওপর সতর্কতাস্বরূপ লাল পতাকার খুঁটি পুঁতে রাখা হয়েছে।ট্রাকচালক আবুল খায়ের জানান, মাত্র পাঁচ মাস আগে বেঙছড়ি সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে। এর মধ্যে বৃষ্টির কারণে দুই দফায় সেতুর উভয়পাশে গর্তের সৃষ্টি হয়েছে। পশ্চিম পাশে বড় আকারের ভাঙন দেখা দিলে মাটি ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হলেও সড়কের কিছু অংশ আবারও নিচের দিকে দেবে গেছে।অটোরিকশার চালক বেলায়েত হোসেন বলেন, ‘বিভিন্ন স্থানে সড়কের নিচ থেকে মাটি সরে ভেতরে ফাঁকা অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের ওইসব স্থান দিয়ে ভারী যান চালাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।’গর্ত ও ভাঙনের কারণে সড়কে দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়ে বাসচালক মো. সেকান্দর বলেন, ‘কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ভাঙন ছাড়াও বেশ কয়েকটি বিপজ্জনক বাঁক রয়েছে। ওই বাঁকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।’ কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদক নূর বেগম বলেন, ‘চিৎমরমে রাস্তার একপাশে বড় আকারের ভাঙন সৃষ্টি হয়েছে। দূর থেকে তা স্পষ্ট দেখা যায় না। প্রায় সময় ওই স্থানে দুর্ঘটনা ঘটছে।’এ ব্যাপারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সহকারী প্রকৌশলী ক্ষুদিরাম ভৌমিক বলেন, ‘পাহাড় কেটে তৈরি করা হয়েছে কাপ্তাই সড়ক। তাই বৃষ্টির সময় পাহাড়ের সঙ্গে সড়কের ধসও স্বাভাবিক ঘটনা।’ তিনি জানান, এবারের বর্ষায় কাপ্তাই সড়কের চিৎমরম উচ্চবিদ্যালয় ঘাটে এবং চিৎমরম বাজার ঘাটে বড় ধরনের ভাঙন সৃষ্টি হয়েছে। ২৩ লাখ টাকা ব্যয়ে এর সংস্কারকাজ চলছে। অন্য এলাকার ভাঙনগুলোও যথাসময় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তিনি চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর এবং গাড়ি নিয়ে সড়কের খুব কিনারে না যাওয়ার অনুরোধ জানান।