কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে সড়কের নিচ থেকে মাটি সরে গিয়ে রাস্তা শূন্যের ওপর ঝুলে আছে। এ রকম ঝুঁকিপূর্ণ রাস্তার ওপর দিয়ে প্রতিদিন শত শত ভারী যান চলাচল করছে। এতে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। তবে কিছু কিছু স্থানে স্থানীয় লোকজন নিজ উদ্যোগে দুর্ঘটনা এড়াতে সতর্কতা হিসেবে লাল পতাকা টাঙিয়ে দিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, কাপ্তাইয়ের বরইছড়ি, নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়, বনশ্রী, শৈলজা, ওয়াগ্গা চা-বাগান কার্যালয়ের সামনের সড়ক, চিৎমরম, ব্যাঙছড়িসহ বিভিন্ন স্থানে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। স্থানীয় মহিলা সদস্য হোসনেয়ারা বেগম ও কাপ্তাই মানবাধিকার কমিশনের সম্পাদক নুর বেগম জানান, অনেক দিন আগে থেকে রাস্তার নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে যদি শুরুতেই ধস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হতো তা হলে এখন ধস এ রকম বিরাট আকার ধারণ করত না। স্থানীয় সমাজসেবক আবুল বশর জানান, প্রতিদিন কর্ণফুলী কাগজকলের বাঁশের কুচা পরিবহনকারী স্কানিয়া ট্রাক প্রায় ৩৫ মেট্রিকটন মালামাল নিয়ে কমপক্ষে ২০ বার এ সড়ক দিয়ে চলাচল করে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিডিআরের ভারী গাড়িও চলাচল করে থাকে। পাশাপাশি কাপ্তাই থেকে বাঁশ বোঝাই ট্রাক এবং যাত্রীবাহী বাস চলাচল করছে। বর্তমানে কিছু কিছু স্থানে সড়কের অবস্থা এতটাই নাজুক হয়ে পড়েছে যেকোনো মুহূর্তে যান চলাচলও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ভারী বৃষ্টির সময় পাহাড় থেকে যে ঢল নামে তার ধাক্কায়ই মূলত রাস্তার পাশের মাটি সরে পড়ে। আর শুরুতে যদি সড়ক ও জনপথ বিভাগ ধস প্রতিরোধে উদ্যোগ নিত তা হলে পরিস্থিতি এতটা নাজুক হতো না। কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী জানান, ‘বৃষ্টির পানি সরার জন্য সড়কের পাশে নালা তৈরির জন্য আমরা প্রায় সময় বলে আসছি। পানি প্রবাহের সুযোগ থাকলে রাস্তার পাশের মাটি ধসে পড়ার আশঙ্কা থাকে না।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির সরকার এ ব্যাপারে স্থানীয় ৪ রাইফেল ব্যাটালিয়নের (বিডিআর) অধিনায়কের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন বলে জানান। এ ব্যাপারে কথা বললে বিডিআরের মেজর আহমেদ ইউসুফ জানান, কাপ্তাইয়ে সড়ক ও জনপথ বিভাগের কোনো কার্যালয় বা কর্মকর্তা নেই। ওই বিভাগের কর্মকর্তারা বসেন চট্টগ্রামে। বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করা হবে। আর জরুরি প্রয়োজনে স্থানীয়ভাবে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।