কাপ্তাই সড়কের ১৭ স্থানে উড়ছে লাল পতাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়কের কমপক্ষে ১৭ স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব স্থানে বিপদসংকেত হিসেবে উড়ছে লাল পতাকা। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করার মাধ্যমে দুর্ঘটনা এড়াতেই ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে লাল পতাকার খুঁটি পুঁতে দেওয়া হয়েছে বলে জানা গেছে।বালুচরা এলাকার মুক্তিযোদ্ধা আবদুর রশিদ বলেন, গত ১০ জুন থেকে লাগাতার ভারী বর্ষণের সময় সড়কের বিভিন্ন অংশের কোথাও নিচের দিকে দেবে গেছে, কোথাও ফাটলের সৃষ্টি হয়েছে এবং সড়কের নিচ থেকে মাটি সরে গেছে। এ ছাড়া সড়কের কিছু অংশ কর্ণফুলী নদীর দিকে হেলে পড়েছে। ফলে এসব জায়গা ভারী যান চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। শিলছড়ি, ব্যাঙছড়ি, চিৎমরম, বালুরটাল, প্রশান্তিসহ বিভিন্ন স্থান পরিদর্শন করে এমন চিত্র দেখা গেছে।কাপ্তাইয়ে অবস্থিত বিজিবির (ব্যাটালিয়ন-৪) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নঈম রিজভী বলেন, ‘কাপ্তাই সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক ভারী যান চলাচল করে। সড়কের পাশে কোনো কোনো স্থানে এক থেকে দেড় শ ফুট গভীর খাদ রয়েছে। দুর্ঘটনা ঘটলে যানমালের ক্ষতি হতে পারে। এ আশঙ্কা থেকে সর্বসাধারণকে সতর্ক করতেই লাল পতাকার খুঁটি পুঁতে দেওয়া হয়েছে।’ কাপ্তাই থেকে গাড়িতে করে প্রতিদিন বাঁশের গুঁড়া (চিপস) চন্দ্রঘোনা কর্ণফুলী কাগজকলে আনেন চালক আবদুল কাদের। তিনি বলেন, ‘২৫-৩০ টন ওজনের গাড়ি নিয়ে প্রতিদিন একাধিকবার কাপ্তাই-চন্দ্রঘোনা যাতায়াত করি। অন্য গাড়িকে পাশ কাটাতে প্রায় সময় সড়কের একেবারে কিনারে চলে যেতে হয়। কিন্তু বিপজ্জনক স্থান দিয়ে গাড়ি চালানোর সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ সড়কের বিভিন্ন স্থানে ধারক দেয়াল (রিটেইনিং ওয়াল) থাকলে ঝুঁকি তেমন থাকত না বলে তিনি মন্তব্য করেন।কাপ্তাই-চট্টগ্রাম সড়কের বাসচালক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলম বলেন, ‘এ সড়কে প্রতিদিন কমপক্ষে ৭০টি বাস চলাচল করে। এ ছাড়া বেশ কিছু বিলাসী বাস ঢাকা থেকে আসা-যাওয়া করে। ভারী বৃষ্টির সময় কিংবা রাতেরবেলা লাল পতাকা সব সময় নজরে আসে না। তাই টেকসই সংস্কারের মাধ্যমে সড়ক ঝুঁকিমুক্ত করা জরুরি।’ কাপ্তাই ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল লতিফ বলেন, ‘কাপ্তাই সড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী কাগজকলসহ বিভিন্ন সংস্থার ভারী যান চলাচল করে। তাই সড়কটি সব সময় ঝুঁকিমুক্ত রাখা দরকার।’ কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদক মিতা নুর বেগম বলেন, ‘কাপ্তাই একটি দর্শনীয় স্থান। এখানে জাতীয় উদ্যানসহ ১০টি বিনোদনকেন্দ্রে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।’ সড়কটি নিরাপদ রাখার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান।চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমদ কাপ্তাই সড়কের বিভিন্ন অংশ ঝুঁকির মধ্যে রয়েছে বলে স্বীকার করেন। তিনি বলেন, ‘যানবাহনের চালকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করতে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। খুব বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ অংশে ধারক দেয়াল তৈরির জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বৃষ্টি কমলেই প্রকল্পের কাজ শুরু হবে।’