কাপ্তাই হ্রদে কচুরিপানা, নৌ-চলাচলে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে দ্রুত বর্ধনশীল কচুরিপানা বিঘ্ন ঘটাচ্ছে নৌ–চলাচল ও মাছ আহরণে। কচুরিপানা নিয়ন্ত্রণ করা না গেলে কাপ্তাই হ্রদের নৌপথ অচল হয়ে পড়তে পারে বলে মনে করছেন জনপ্রতিনিধি, গবেষক ও জেলেরা।
কাপ্তাই হ্রদে কীভাবে কচুরিপানা এসেছে তার সঠিক তথ্য কোথাও পাওয়া যায়নি। তবে হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকার মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০-২৫ বছর আগেও হ্রদে কচুরিপানা ছিল না। তখন হ্রদের বিভিন্ন স্থানে নৌকায় স্বাভাবিকভাবে চলাচল করা যেত। বরকল উপজেলায় কাপ্তাই হ্রদের তীরবর্তী আইমাছড়া ইউনিয়নের বাসিন্দা সুকৃতি জীবন চাকমা (৬০) বলেন, ‘সম্ভবত হ্রদে কচুরিপানা প্রবেশ করেছে ভারত থেকে। প্রথম অবস্থায় কচুরিপানার সমস্যার বিষয়টি কেউ গা করেনি। এখন আমাদের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।’
সম্প্রতি রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের মাচ্ছ্যাপাড়া গেলে কচুরিপানার বিরূপ প্রভাবের কথা জানা যায়। ওই পাড়ায় প্রায় ৫০০ পরিবারের বসবাস। পাড়াবাসীর রাঙামাটি শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। কিন্তু তাদের পাড়ার পাশের হ্রদের পানিতে প্রায় আধা কিলোমিটারজুড়ে কচুরিপানার বিস্তার লাভ ঘটেছে। ফলে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও মাচ্ছ্যাপাড়ার বাসিন্দা নমরঞ্জন চাকমা বলেন, বর্ষাকালে কচুরিপানার পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়। এতে এলাকার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়ে। অচল হয়ে পড়ে যাতায়াতব্যবস্থা। ইঞ্জিনচালিত বোট ছাড়া সাধারণ নৌকায় কোথাও যাওয়ার উপায় থাকে না। ফলে উৎপাদিত পণ্য বাজারে নিয়ে যেতে খরচ বাড়ার পাশাপাশি তিন গুণ বেশি সময় লাগে। একই ইউনিয়নের সাহসবান্দা এলাকা থেকে চারিহং ছড়ামুখ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার নৌপথজুড়ে কচুরিপানার জট। ওই এলাকার যুবক সুপায়ন চাকমা বলেন, ‘কচুরিপানার কারণে আমরা অবরুদ্ধ হয়ে পড়েছি। ছোট ছোট ছেলেমেয়ে নৌকায় করে স্কুলে যেতে পারে না। সবচেয়ে দুর্ভোগ বাড়ে হাটের দিনে। কচুরিপানা পার হওয়ার জন্য ভোরে বের হতে হয়। কচুরিপানার স্থানটি পার হতে গিয়ে অনেক সময় বোটের যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।’
স্থানীয় জেলে সুরতন চাকমা (৪৫) বলেন, ‘কচুরিপানার কারণে মাছ আহরণ অসম্ভব হয়ে পড়ছে। কোথাও জাল ফেলব তার উপায় নাই। এভাবে চলতে থাকলে মাছ ধরা বন্ধ করে অন্য পেশায় নামতে হবে।’
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের রাঙামাটি নদী গবেষণা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, মাছ উৎপাদনে কচুরিপানা এখনো তেমন ব্যাঘাত সৃষ্টি করছে না। তবে আরও বেড়ে গেলে মাছের প্রাথমিক খাদ্যের অভাব দেখা দেবে। কারণ তখন সূর্যের আলো হ্রদের তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাতে মাছের খাদ্য প্রাণিজ ও উদ্ভিজ্জ প্লাংটন উৎপাদন ব্যাহত হবে। এতে মাছের উৎপাদন কমে যাবে।
বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা বলেন, কচুরিপানার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ বিষয়ে রাঙামাটি পার্বত্য জেল পরিষদ ও জেলা প্রশাসনের একাধিক সভায় বলা হয়েছে। কিন্তু কচুরিপানা অপসারণে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ বিষয়ে প্রশ্ন করা হলে রাঙামাটির জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ‘হ্রদ থেকে কচুরিপানা অপসারণ বেশ ব্যয়বহুল। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কচুরিপানা অপসারণে একটা প্রকল্প হাতে নিতে যাচ্ছে বলে শুনেছি।’
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ‘কচুরিপানা হ্রদের ব্যাপক ক্ষতি করছে। কিন্তু আমাদের যে বরাদ্দ দেওয়া হয় তা দিয়ে কচুরিপানা অপসারণে কোনো প্রকল্প হাতে নেওয়া সম্ভব নয়।’