কাপ্তাই হ্রদে কচুরিপানা নৌযোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে জমে থাকা কচুরিপানার কারণে উপজেলার সঙ্গে রাঙামাটির বাকি আট উপজেলার নৌযোগাযোগ বন্ধ রয়েছে এক মাস ধরে। পানিবন্দী রয়েছেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। যোগাযোগ বন্ধ থাকায় খেটে খাওয়া সাধারণ মানুষের কাজ বন্ধ হয়ে আছে। বেকার হয়ে পড়েছেন প্রায় দুই হাজার মানুষ। কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন জানান, আর কিছু দিন এভাবে থাকলে অনাহারে দিন কাটবে মানুষের। তিনি বলেন, কাপ্তাই হ্রদ পরিবেষ্টিত লোকালয় থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলেপাড়া, আফসার টিলা, বাদশার টিলা, মোনাফের টিলা, মুরাদের টিলা ইত্যাদি এলাকায় পাঁচ হাজারেরও বেশি মানুষের চলাচলের একমাত্র মাধ্যম নৌপথ। উজান থেকে নেমে আসা বিপুল পরিমাণ কচুরিপানার চাপে প্রায় দুই মাস ধরে নৌপথ অবরুদ্ধ হয়ে আছে। কচুরিপানা এমন ঠাসা যে নৌকা চালানো সম্ভব হয় না। যে কারণে মানুষ ওইসব এলাকায় পানিবন্দী হয়ে আছেন। কাপ্তাই ইউনিয়নের মহিলা মেম্বার আমেনা বেগম জানান, বিএফআইডিসি টিলা, জাকির হোসেন এলাকা ও স্বর্ণটিলার পানিবন্দী নারীরা চিকিৎসা নিতে কাপ্তাই আসতে পারছেন না। প্রসূতিদের সীমাহীন কষ্ট ভোগ করতে হচ্ছে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। স্থানীয় বশির, সেকান্দরসহ একাধিক মাঝি জানান, ‘নৌকা বেয়ে যা আয় হয় তাতে কোনোমতে আমার সংসার চলে। কিন্তু এক মাস ধরে নৌকা চালাতে পারছি না। ধার করতে করতে পাহাড় সমান ঋণী হয়ে গেছি। এখন কেউ ধারও দিতে চান না।’৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাহেদুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের আবু তাহের ও ৬ নম্বর ওয়ার্ডের মো. নজরুল জানান কাপ্তাই পানিবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যে পানি ছাড়া হয় সেই পানির টানে উজান থেকে কচুরিপানা নেমে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, কাপ্তাই জেটিঘাট থেকে প্রতিদিন ইঞ্জিনচালিত নৌকায় চড়ে বিপুলসংখ্যক যাত্রী বিলাইছড়ি, জুরাছড়ি, লংগদু, বরকল ইত্যাদি উপজেলায় যাতায়াত করেন। বর্তমানে নৌ চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের যাবতীয় কাজ থমকে আছে। তিনি বলেন, বর্তমানে পানিবন্দী মানুষ স্বাভাবিক সময়ে ১০ মিনিটে যে পথ পাড়ি দিতে পারতেন সেটা পেরোতে এখন কয়েক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। কচুরিপানা অসপারণ না করা পর্যন্ত মানুষের দুর্ভোগ কমবে না বলেও তিনি জানান। উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, গত বছরও একই কারণে হাজার হাজার মানুষ চরম কষ্ট ভোগ করেছিলেন। এবারও মানুষ বিপাকে পড়েছেন। কচুরিপানার চাপ বেশি থাকায় স্থানীয় উদ্যোগে তা অপসারণ করা সম্ভব নয়। এ ব্যাপারে সরকারি উদ্যোগের প্রয়োজন আছে বলে তিনি জানান। পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারের সহযোগিতা ও পরামর্শে শিগগির কাপ্তাই হ্রদ থেকে কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।