কাপ্তাই হ্রদে কচুরিপানার জট কাটছেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদে কচুরিপানার জট কাটছেই না। হ্রদ পরিবেষ্টিত ছয় উপজেলার সঙ্গে নৌযোগাযোগ ব্যাহত হয়ে বাঁশ পরিবহনসহ সব ধরনের মালামাল পরিবহন বন্ধ রয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার লোক।হ্রদ থেকে কচুরিপানা অপসারণে আলোচনা করতে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৩১ ডিসেম্বর জরুরি সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ৩ জানুয়ারি কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ৭ আরই ব্যাটালিয়নের উদ্যোগেও একই বিষয়ে আরেকটি সভা হয়। দুটি সভায় কচুরিপানার জটকে মহা দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ফেরদাউস আলী জানান, চার হাজার ২৫০ বর্গমাইল হ্রদের অধিকাংশজুড়ে কচুরিপানা রয়েছে। কচুরিপানা কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের জেনারেটরের মুখে এসেও জড়ো হয়। একবার তুললে আবারও কচুরিপানা ভেসে আসছে। ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। ১৯৬০ সালে বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার পর কচুরিপানার কারণে এ রকম বিপর্যয় আর হয়নি বলেও তিনি মন্তব্য করেন।কর্ণফুলী কাগজকলের (কেপিএম) কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, ‘কচুরিপানার কারণে কেপিএমের কাপ্তাই চিপারে (বাঁশ গুঁড়া করার যন্ত্র) হ্রদ থেকে বাঁশ ওঠানো যাচ্ছে না। বাঁশ গুঁড়া করতে না পারায় কেপিএমের উৎপাদনে চরম বিঘ্ন ঘটছে। দিনের অধিকাংশ সময় চিপার বন্ধ রাখতে হচ্ছে।’কাপ্তাই বোটমালিক সমিতির সভাপতি তফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক শাহীন বুলবুল জানান, কাপ্তাই জেটিঘাট থেকে এক বছর ধরে হ্রদে স্বাভাবিকভাবে বোট চালানো যাচ্ছে না। কচুরিপানার কারণে জেটিঘাট থেকে কোনো বোট বের করা যাচ্ছে না। জেটিঘাটে ৬০টি বোট মাসের পর মাস অলস বসে আছে। রোজগার না থাকায় বোটচালক ও মালিকেরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন জানান, কচুরিপানার চাপ এতটাই বেড়েছে যে কাপ্তাই, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, নানিয়ারচর, বাঘাইছড়ি ইত্যাদি উপজেলার হাজার হাজার লোক পানিবন্দী হয়ে আছেন। ছেলেমেয়েরা বিদ্যালয়-কলেজে যাতায়াত করতে পারছে না। ব্যবসায়ীদের উপার্জন বন্ধ।কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ৭ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইলিয়াছ হোসেন জানান, নিরাপত্তা নিশ্চিত করতে হ্রদে প্রতিনিয়ত সেনাটহল দিতে হয়। কিন্তু হ্রদজুড়ে কচুরিপানার চাপ এমন বেড়েছে যে নৌ চলাচল স্বাভাবিক রাখা অসম্ভব হয়ে পড়েছে।