কাপ্তাই হ্রদে কাল মধ্যরাত থেকে মাছ শিকার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার রাত ১২টার পর থেকে কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, আহরণ, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বজায় থাকবে। গত বুধবার জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তীর সই করা এক আদেশে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।জেলা প্রশাসন সূত্র জানায়, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়াতে প্রতিবছর বর্ষা মৌসুমের শুরুতে মাছ শিকার, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। নির্দেশ অনুযায়ী, সর্বশেষ আহরিত মাছ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এবং শুঁটকি-জাতীয় মাছ ৩ মে পর্যন্ত রাঙামাটির বাইরে নেওয়া যাবে। ১৯৬০ সালে বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ, বনজসম্পদ আহরণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মৎস্য উৎপাদনসহ বহুমুখী লক্ষ্য নিয়ে কাপ্তাইয়ে বাঁধ নির্মাণ করা হয়। ১৯৬৪ সাল থেকে হ্রদের মাছ আহরণ, উৎপাদন ও বিপণনের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি)। বিএফডিসি প্রাকৃতিক প্রজননের পাশাপাশি প্রতিবছর এ মৌসুমে হ্রদে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন বড় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে। মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, রাঙামাটিসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ২০ হাজার মৎস্যজীবী কাপ্তাই হ্রদে মাছ শিকার করেন। এর মধ্যে রাঙামাটি জেলায় ১০ হাজারের বেশি মৎস্যজীবী পরিবার রয়েছে। মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা থাকার সময় এসব পরিবারে চরম আর্থিক সংকট দেখা দেয়। ফলে অনেক মৎস্যজীবী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারে জড়িয়ে পড়েন। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয়। বিষয়টি বিবেচনা করে গত বছর প্রকৃত মৎস্যজীবী পরিবারগুলোকে চাল সাহায্য দেওয়া হয়েছিল। যোগাযোগ করা হলে জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সোমবার রাত থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রতিবছরের মতো এ বছরও এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবী পরিবারগুলোর আর্থিক দুর্দশার কথা বিবেচনা ও মাছের প্রাকৃতিক প্রজনন নিরাপদ রাখতে জেলার ১০ হাজার ১৫৭ প্রকৃত মৎস্যজীবী পরিবারকে চাল দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ জন্য মন্ত্রণালয়ে চালের বরাদ্দ চাওয়া হয়েছে। তিনি আরও জানান, গত বছর মৎস্যজীবী পরিবারগুলোকে চাল দেওয়ার কারণে অবৈধভাবে মাছ শিকারের প্রবণতা ছিল না। এ বছরও বরাদ্দ পাওয়াসাপেক্ষে চাল বিতরণ করা হবে।বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের মাছ আহরণের জন্য রাঙামাটি কেন্দ্র এবং কাপ্তাই, বাঘাইছড়ি ও খাগড়াছড়ি জেলার মহালছড়িতে তিনটি শাখা অবতরণকেন্দ্র রয়েছে। বিএফডিসির রাঙামাটি কেন্দ্রের উপব্যবস্থাপক মাসুদুল হক জানান, হ্রদের চারটি কেন্দ্রে প্রতিবছর আট থেকে নয় হাজার মেট্রিক টন মাছ অবতরণ হয়। স্থানীয়ভাবে মাছের চাহিদা পূরণে যে মাছ আহরণ করা হয়, তা ওই হিসাবের বাইরে।