কাপ্তাই হ্রদে ক্ষতিকর কলিফর্ম জীবাণু
রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি কলিফর্ম জীবাণুতে দূষিত হয়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। হ্রদের পানির সর্বোচ্চ উচ্চতার চেয়ে সর্বনিম্ন উচ্চতায় দূষণের পরিমাণ বেশি। রাঙামাটি শহরের বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়িতে কাপ্তাই হ্রদের পানি তুলে সরবরাহ করা হয়। এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশেনের উদ্যোগে স্থানীয় গণমাধ্যম-কর্মীদের সঙ্গে মুক্ত আলোচনায় এ তথ্য জানানো হয়। গত শনিবার শহরের উত্তর কালিন্দীপুরের বিজন সরণী সড়কে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এনজিও ফোরামের পরামর্শ ও তথ্য সেলের প্রধান জোসেফ হাওলাদার জানান, এ বছরের প্রথম প্রান্তিকে হ্রদের রাঙামাটি শহরের আশপাশ এলাকার ছয়টি স্থান থেকে নমুনা সংগ্রহ করা হয়। এ নমুনা ঢাকার এনজিও ফোরাম পরীক্ষণাগারে পরীক্ষা করে মানব শরীরের জন্য ক্ষতিকর টিসি (টোটাল কলিফর্ম) ও এফসি (ফিক্যাল কলিফর্ম) জীবাণু মাত্রাতিরিক্ত মাত্রায় পাওয়া গেছে। ফোরামের তথ্য মতে, মানব শরীরে টিসি ও এফসি জীবাণুর সহনীয় মাত্রা শূণ্য ভাগ। কিন্তু পরীক্ষিত নমুনায় দেখা গেছে, প্রতি ১০০ মিলিলিটারে টিসির জীবাণুর পরিমাণ রিজার্ভ বাজার এলাকায় দুই লাখ, গোলাছড়ি এলাকায় চার হাজার, তবলছড়ি এলাকায় এক লাখ ৬০ হাজার, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কার্যালয় এলাকায় চার লাখ, বনরূপা বাজার এলাকায় তিন লাখ ৬০ হাজার ও রাজবাড়ি এলাকায় ৪০ হাজার। এফসির পরিমাণ রিজার্ভ বাজারে এক লাখ ২০ হাজার, গোলাছড়িতে ২০০, তবলছড়িতে ২০ হাজার, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কার্যালয়ে ৪০ হাজার, বনরূপা বাজারে ৪০ হাজার ও রাজবাড়িতে ২০ হাজার। সূত্র জানায়, রাঙামাটি শহরের বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বাসাবাড়িতে কাপ্তাই হ্রদ থেকে পানি তুলে সরবরাহ করা হয়। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ (ডিপিএইচই) এ পানি সরবরাহের ব্যবস্থা করে। জোসেফ হাওলাদার ডিপিএইচই সরবরাহকৃত পানিতেও কলিফর্ম জীবাণু পাওয়া যাওয়ার কথা জানালেও তার পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ করেন। মুক্ত আলোচনায় জানানো হয়, রাঙামাটি জেলায় মোট জনসংখ্যা প্রায় সাত লাখ। এরমধ্যে ৬০ ভাগ বসবাস করে হ্রদের ধারে। এসব লোকজনের মধ্যে ৮৫ ভাগই খাওয়া, রান্না ও পরিষ্কার পরিচ্ছন্নতায় কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভরশীল। এতে জানানো হয়, গৃহস্থালী ও অন্যান্য বর্জ্য ছাড়াও প্রায় পাঁচ টন বিষ্ঠা প্রতিদিন হ্রদের পানিতে ফেলা হয়। এ ছাড়াও হ্রদের তীরবর্তী কৃষি জমিতে সার কীটনাশক ব্যবহার, ইঞ্জিনচালিত বিভিন্ন নৌযানের বর্জ্য হ্রদে জমা হয়। এ সবই কাপ্তাই হ্রদের পানি দূষণের কারণ। ঢাকা পঙ্গু হাসপতালের সাবেক যুগ্ম পরিচালক সুপ্রিয় বড়ুয়া জানান, প্রায় ১৫ থেকে ২০ বছর আগে তিনি কাপ্তাই হ্রদের দূষণ নিয়ে পরীক্ষা করেছিলেন। সেই সময়েও মাত্রাতিরিক্ত কলিফর্ম জীবাণু পাওয়া গিয়েছিল। এ জীবাণু শরীরে প্রবেশ করলে জন্ডিসসহ ডায়রিয়া, আমাশয়, বদহজম হতে পারে। এ ছাড়া প্রস্রাবের নালী দিয়ে প্রবেশ করলে মূত্রথলি ও নালীতে নানা সমস্যার সৃষ্টি করতে পারে বলে জানান তিনি।