কাপ্তাই হ্রদে প্রাকৃতিক প্রজননে ফিরেছে কার্পজাতীয় মাছ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে গবেষকদের ধারণা ছিল গভীরতা কমে যাওয়াসহ নানা কারণে কাপ্তাই হ্রদে কার্প–জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন বন্ধ হয়ে গেছে। কিন্তু এক যুগেরও বেশি সময় পর এই ধারণা পাল্টে দিয়েছে নতুন এক গবেষণা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের রাঙামাটি নদী গবেষণা উপকেন্দ্রের তিন বিজ্ঞানী সম্প্রতি কাপ্তাই হ্রদের একটি প্রজননক্ষেত্রে রুই-কাতলাজাতীয় কার্প মাছের ডিম শনাক্ত করেছেন।
২১ জুন রাঙামাটিতে গবেষণারত তিন বিজ্ঞানী প্রথম আলোর কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। ‘কাপ্তাই হ্রদে বাণিজ্যিক গুরুত্ব সম্পন্ন মৎস্য প্রজাতিগুলোর প্রাকৃতিক প্রজনন ও প্রজননস্থলের অবস্থা নিরূপণ’ বিষয়ক তিন বছর মেয়াদি এই গবেষণার সঙ্গে যুক্ত আছেন রাঙামাটি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবুল বাশার, বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল উদ্দিন ও সঞ্জীব বসাক। চলতি জুন মাসে এই গবেষণা শুরু হয়েছে। শেষ হবে ২০১৯ সালে। গবেষকেরা বলেন, হ্রদে যে চারটি প্রাকৃতিক প্রজননক্ষেত্র রয়েছে, তার মধ্যে একটি থেকে সংগৃহীত নমুনায় কার্প মাছের ডিম পেয়েছেন তাঁরা।
গবেষক মো. আবুল বাশার বলেন, প্রাকৃতিক প্রজনন বিষয়ে কাপ্তাই হ্রদে সর্বশেষ গবেষণা হয়েছে ২০০৩-০৪ সালে। এর আগে প্রথম গবেষণাটি হয়েছিল ১৯৮৬ সালে। তিনি আরও বলেন, ৭০০ বর্গকিলোমিটারের বেশি আয়তনবিশিষ্ট কাপ্তাই হ্রদের কাচালং, কর্ণফুলী, চেঙ্গি ও রেংখ্যং চ্যানেলে কার্প মাছের প্রাকৃতিক প্রজনন হয়। কিন্তু নদীর নাব্যতা কমে যাওয়ায় দীর্ঘদিন মনে করা হচ্ছিল মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্রগুলো ধ্বংস হয়ে গেছে। বিজ্ঞানীরা জানান, গত ১১ জুন গবেষণা প্রকল্পের আওতায় কাচালং চ্যানেলে প্রথমবার কার্পজাতীয় মাছের ডিম সংগ্রহ করা হয়। তাতে মাছের প্রাকৃতিক প্রজনন সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে সংগৃহীত ডিমগুলো কোন প্রজাতির কার্পজাতীয় মাছের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ডিম থেকে রেণু ও পোনা তৈরির প্রস্তুতি চলছে।
আবুল বাশার বলেন, কাপ্তাই হ্রদে ৭৫ প্রজাতির মাছ রয়েছে। এর মধ্যে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস হলো কার্পজাতীয় মাছ। বজ্রসহ ভারী বৃষ্টিপাত হলে, ঝোড়ো বাতাস বইলে কিংবা প্রবল স্রোত তৈরি হলে কার্পজাতীয় মাছ প্রাকৃতিক প্রজনন করে।
বিজ্ঞানীরা বলেন, কার্পজাতীয় মাছের ডিম্বাশয়ের পরিপক্বতা আসে মে মাসের প্রথম দিকে। মে থেকে জুলাই মাসের প্রথম দিক পর্যন্ত প্রাকৃতিক প্রজনন সংঘটিত হয়।
গবেষণার প্রাথমিক পর্যায়ে দেখা গেছে, হ্রদের কাচালং ও কর্ণফুলী চ্যানেলে সেপ্টেম্বর মাসে পানির গভীরতা ছিল ২০ দশমিক ২ ও ৩০ দশমিক ৩ ফুট এবং মে মাসে সর্বনিম্ন পানির গভীরতা পাওয়া গেছে ৩ দশমিক ৪ ফুট ও ৪ দশমিক ২ ফুট। এসব চ্যানেল পলিমাটিতে ভরাট হয়ে যাওয়ায় প্রজননক্ষেত্রের গভীরতা কমে গেছে এবং মা মাছের চলাচলের পথও সংকীর্ণ হয়ে গেছে।
গবেষকেরা বলেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য ১৯৬০-৬১ সালে রাঙামাটির কাপ্তাইয়ে বাঁধ নির্মাণ করা হয়। এর ফলে কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়। কাপ্তাই হ্রদ একসময় দেশের অন্যতম বড় মিষ্টি পানির মাছের ভান্ডার ছিল। তবে এখন মাছের উৎপাদন আগের চেয়ে অনেক কমে গেছে। ২০১৫-১৬ অর্থবছরে কাপ্তাই হ্রদের মাছ থেকে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকা।