কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার ২০ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদে মাছ ধরার ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা ২০ জুলাই তুলে নেওয়া হবে বলে জানান কাপ্তাই উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী ও উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজি মো. আবদুর রহমান। ৭ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাঁরা ওই তথ্য জানান।তাঁরা বলেন, মা-মাছের ডিম ছাড়া এবং পোনা বড় হওয়ার জন্য তিন মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ থাকে। ৩১ জুলাই পর্যন্ত মাছ ধরার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও আসন্ন রমজান মাসে মানুষের আমিষের চাহিদা পূরণ করতে নির্ধারিত সময়ের আগেই এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়ে আলোচনা চলছে।এবার নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা অবৈধভাবে হ্রদ থেকে মাছ ধরেননি বলেও মৎস্য উন্নয়ন করপোরেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান।জেলেরা মাছের যত্ন নিচ্ছেন উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বলেন, মূলত রমজানে জেলেদের সুবিধার্থেই আগাম মাছ ধরার অনুমতি দেওয়ার বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক সিদ্ধান্ত নিচ্ছেন।কাপ্তাই উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে। মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলার মৎস্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, কাপ্তাইয়ের ইউপি চেয়ারম্যান মো. আবদুল লতিফ, চন্দ্রঘোনার ইউপি চেয়ারম্যান বিপ্লব মারমা ও মৎস্যজীবী রুপম দাস।