কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়লেও বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়লেও বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ। গত ১০ বছরে ছয় প্রকার মাছ বিলুপ্ত, ছয় প্রকার বিলুপ্তপ্রায় ও সাত প্রকার মাছ ক্রমহ্রাসমান হয়ে পড়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। এর আগে ২০০৩ সালের গবেষণায় কাপ্তাই হ্রদে মোট ৭৫ প্রকার মাছের মধ্যে ৬৭ প্রকার দেশি প্রজাতির মাছ থাকার তথ্য দেওয়া হয়েছিল। বিএফআরআই রাঙামাটি নদী উপকেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন, মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র ধ্বংস, উজানে নদী ভরাট এবং অতিরিক্ত মাছ আহরণের কারণে দেশি প্রজাতির মাছ কমে যাচ্ছে। গবেষণার তথ্য থেকে জানা যায়, দেশি প্রজাতির মাছের মধ্যে সিলন, দেশি সরপুঁটি, ঘাউরা, বাঘাইর, মোহিনী বাটা, দেশি পাঙাশ ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। দেশি মহাশোল, মধুপাবদা, পোয়া, ফাইস্যা, তেলে গুলশা, সাদা ঘনিয়া এখন বিলুপ্তপ্রায় এবং রুই, কাতলা, মৃগেল, বাচা, পাতি পাবদা ও বড় চিতল ক্রমহ্রাসমান অবস্থায় রয়েছে।তবে হ্রদে কয়েকটি মাছের প্রাধান্য বিস্তারের কারণে হ্রদে গড় উৎপাদন বাড়ছে বলে জানিয়েছেন হ্রদে মাছ উৎপাদন ও বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি কেন্দ্রের কর্মকর্তারা। কেন্দ্রের উপব্যবস্থাপক মো. মাসুদুল আলম বলেন, দেশি প্রজাতির মাছ কমলেও কয়েক প্রজাতির মাছ বেড়ে যাওয়ায় হ্রদে উৎপাদন বাড়ছে। হ্রদে ২০০৩ সালে মাছের উৎপাদন ছিল চার হাজার ৫৬৪ মেট্রিক টন। ২০১৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৮১৪ মেট্রিক টনে। তবে স্থানীয়ভাবে বিক্রি বা হ্রদ এলাকার বাসিন্দাদের শিকার করা মাছের হিসাব বিএফডিসির হিসাবের বাইরে বলে তিনি জানান।বিএফআরআইয়ের গবেষণায় জানানো হয়, হ্রদে কেচকি, চাপিলা, কাটা মইল্যা, তেলাপিয়া, কালবাউস, আইড়, বাটা, ফলি ও মলা মাছের প্রাধান্য বাড়ছে। এ ছাড়া গ্রাসকার্প, সিলভারকার্প, রাজপুঁটি, নাইলোটিকা, মোজাম্বিকা, থাই মহাশোল, আফ্রিকান মাগুর ও থাই পাঙাশ কাপ্তাই হ্রদে সংযোজিত হয়েছে। ১৯৬০ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলায় পানি-বিদ্যুৎ বাঁধ নির্মাণ করা হয়। এর ফলে ৭০০ বর্গকিলোমিটারের বেশি কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়। তখন প্রাকৃতিকভাবে মাছের প্রজনন হওয়ায় বিএফডিসিকে হ্রদে মাছের উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের দায়িত্ব দেওয়া হয়।