কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ বিএফডিসির
কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) নানা উদ্যোগ নিয়েছে। বাড়তি পোনা উৎপাদনের লক্ষ্যে করপোরেশন আটটি হ্যাচারি নির্মাণের উদ্যোগ নিয়েছে। এসব হ্যাচারির নির্মাণকাজ শেষ হলে এখনকার চেয়ে পাঁচ গুণ পোনা ছাড়বে কর্তৃপক্ষ। এ ছাড়া হ্রদে মাছের উৎপাদন বাড়াতে বছরে দুই থেকে তিন মাসের মাছ ধরার যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটাও বলবৎ থাকবে।
রাঙামাটি বিএফডিসি কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ১২ মে থেকে হ্রদে মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়েছে। মাছের উৎপাদিত বাড়াতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যেন আইন ভঙ্গ করে মাছ শিকার করতে না পারে সে জন্য নৌপুলিশও হ্রদে নজরদারি করছে। পোনা অবমুক্ত করা ও প্রাকৃতিক প্রজননের এ সময় মাছ শিকার বন্ধ থাকায় হ্রদে মাছ উৎপাদন বাড়ছে বলে জানান বিএফডিসির ব্যবস্থাপক মো. মইনুল ইসলাম। তিনি বলেন, কাপ্তাই হ্রদে তালিকাভুক্ত ১৯ হাজারের বেশি জেলে মাছ শিকার করেন। গত মৌসুমে হ্রদ থেকে ১০ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে। মাছ আহরিত হয়েছে ৮ হাজার ৯৭৪ মেট্রিক টন। রাজস্ব আয় ও মাছের উৎপাদন গত কয়েক বছরের তুলনায় বেশি বলে তিনি জানান।
বিএফডিসির ব্যবস্থাপক বলেন, ৭২০ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। মাছের উৎপাদন বাড়াতে প্রতিবছর হ্রদে ২০ থেকে ২২ টন বড় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ভবিষ্যতে ১০০ থেকে ১৫০ টন পোনা অবমুক্ত করা হবে। এ লক্ষে পোনা উৎপাদনের জন্য আটটি হ্যাচারি নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদের বিভিন্ন নদীর মোহনা ভরাট হয়ে যাওয়ায় মাছের প্রাকৃতিক প্রজননে ব্যাঘাত ঘটছে। হ্রদ
খননের মাধ্যমে নাব্যতা বৃদ্ধি করে ওই সব প্রজননক্ষেত্র ফিরিয়ে আনা দরকার। পানিদূষণ, কচুরিপানা কাপ্তাই হ্রদে মাছ উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি করছে। তবে মাছের উৎপাদন বাড়াতে জেলা মৎস্য অধিদপ্তর হ্রদের প্রকৃত জেলেদের প্রশিক্ষণ দিচ্ছে। এতে জেলেরাও অনেক সচেতন হয়েছে। সে কারণে আগের মতো মাছের প্রজনন মৌসুমে অবৈধ মাছ শিকার হয় না বলে তিনি দাবি করেন।
জানা গেছে, ১৯৬৬ সালে কাপ্তাই হ্রদে মৎস্য উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের দায়িত্ব নেয় বিএফডিসি। মাছের উৎপাদন বাড়াতে এর আগেও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এবার হ্রদে জাগ (একধরনের ফঁাদ) দিয়ে মাছ শিকার বন্ধ, হ্রদের ভেতরে বিভিন্ন ঝিরি বা ঘোনায় জাল দিয়ে পৃথকভাবে মাছ উৎপাদনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে। এ ধরনের ব্যবস্থায় প্রকৃত জেলেরা ক্ষতির সম্মুখীন হন। কারণ, তখন হ্রদের অনেক অংশ ব্যক্তিপর্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে যায়। তবে খাঁচায় মাছ চাষের ব্যবস্থা করা হবে। হ্রদে খাঁচায় মাছ চাষের সম্ভাবনার ব্যাপারে ইতিমধ্যে পরীক্ষা হয়েছে।