কাপ্তাই হ্রদে মাছের মজুদ বেড়েছে
নিষিদ্ধ মৌসুমে মাছ ধরার ওপর কড়াকড়ি আরোপ করায় কাপ্তাই হ্রদে মাছ উৎপাদন বেড়েছে বলে সংশ্লিষ্ট লোকজন মনে করছেন। এ কারণে মৎস্য আহরণ খাতে সরকারি রাজস্বও বেড়েছে বলে জানা যায়।বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদ থেকে গত অর্থবছরে (২০০৯-১০) মোট ২২ হাজার মেট্রিক টন মাছ ধরা হয়, যা আগের অর্থবছরে (২০০৮-০৯) ছিল ১৬ হাজার মেট্রিক টন। এ সময়ে মৎস্য বিক্রি খাতে আয়ও প্রায় দুই কোটি টাকা বেড়ে সাড়ে পাঁচ কোটি টাকায় উন্নীত হয়। রাঙামাটি জেলা প্রশাসন ও বিএফডিসি সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বাড়ানোর জন্য প্রতিবছর মে-আগস্ট পর্যন্ত হ্রদে মাছ ধরার ওপর জেলা প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করে। কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা হ্রদের বিভিন্ন স্থান থেকে নানা উপায়ে মাছ ধরে তা স্থানীয় বাজারে বিক্রি ছাড়াও চোরাইপথে চট্টগ্রাম ও ঢাকায় সরবরাহ করত। এ ব্যাপারে মাঝেমধ্যে জেলেদের আটক করা হলেও তাঁদের বিকল্প আয়ের উৎস না থাকায় মানবিক কারণে সংশ্লিষ্ট লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হতো না। কিন্তু এবার মাছ ধরা নিষিদ্ধ থাকার সময় কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তালিকাভুক্ত প্রায় এক হাজার জেলেকে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কার্ডের মাধ্যমে খাদ্য সাহায্য দেওয়ার ব্যবস্থা করা হয়। এ ছাড়া কেউ যাতে গোপনে মাছ ধরে পাচার করতে না পারেন তার জন্য মৎস্য উন্নয়ন করপোরেশনের পক্ষ থেকে রাঙামাটিকেন্দ্র, কাপ্তাই, মেরং, জালিয়াপাড়া ও লংগদু তল্লাশিকেন্দ্র (চেকপোস্ট), মারিশ্যা ও মহালছড়ি উপকেন্দ্র, খাগড়াছড়ি উপকেন্দ্রে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয়। এসব পদক্ষেপের কারণে নিষেধাজ্ঞা চলাকালে হ্রদে অবৈধ মাছ ধরা বন্ধ ছিল বলে সংশ্লিষ্ট লোকজন মনে করেন। মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটি ইউনিটের ব্যবস্থাপক জাহিরুল আলিম বলেন, ‘দুবছর আগেও কাপ্তাই হ্রদ থেকে আশানুরূপ মাছ পাওয়া যেত না। উৎপাদন মৌসুমে কঠোর ব্যবস্থার পাশাপাশি জেলেদের মানবিক সাহায্য দেওয়ার ফলে মাছের উৎপাদন বেড়েছে।’ তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস রাঙামাটি সফরকালে কাপ্তাই হ্রদ পরিদর্শন করেন। হ্রদে মাছের মজুদ বৃদ্ধির ব্যাপারে তিনি সুনির্দিষ্ট নির্দেশনা দেন।এ ছাড়া, বিএফডিসির চেয়ারম্যান বেগম খুরশিদা খাতুনও ফেব্রুয়ারিতে কাপ্তাই হ্রদ পরিদর্শন করে কিছু নির্দেশনা দেন। পাশাপাশি রাঙামাটি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীর ঘন ঘন হ্রদ এলাকায় লোকজনের সঙ্গে বৈঠক করে অবৈধ মৎস্য শিকার বন্ধে জনসচেতনতা সৃষ্টি করছেন।