কাপ্তাই হ্রদে ৫৩০ গ্রাম ওজনের গলদা চিংড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই হ্রদে বিলুপ্তপ্রায় ৫৩০ গ্রাম ওজনের একটি গলদা চিংড়ি পাওয়া গেছে। স্থানীয় বয়োজ্যেষ্ঠ লোকজন বলছেন, কাপ্তাই হ্রদে এত বড় চিংড়ি তাঁরা আগে দেখেননি। মৎস্য বিজ্ঞানীদের মতে, এ চিংড়ি প্রমাণ করছে হ্রদে প্রাকৃতিক প্রজনন নিরাপদ করা গেলে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে গলদা চিংড়িও প্রচুর পরিমাণে উৎপাদন সম্ভব। গত বুধবার সকালে চিংড়িটি শহরের বনরূপা বাজারে ৩০০ টাকায় বিক্রি করা হয়।রাঙামাটি নদী গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এ কে এম সাইফুল ইসলাম জানান, চিংড়িটির বয়স আনুমানিক দুই বছর হতে পারে। কাপ্তাই হ্রদে এ পর্যন্ত এত বড় গলদা চিংড়ির সন্ধান পাওয়া যায়নি। এ চিংড়ির ইংরেজি নাম Prnius monodon এবং বৈজ্ঞানিক নাম Macrobrachium rosenbargi. তিনি জানান, কাপ্তাই হ্রদের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো নিরাপদ ও সংরক্ষণ করা গেলে মিঠাপানির গলদা চিংড়ি উৎপাদনের প্রচুর সম্ভাবনা আছে। গত ২৩ ফেব্রুয়ারি সকালে রাঙামাটি শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে বালুখালী ইউনিয়নের এক আদিবাসী চিংড়িটি জীবিত অবস্থায় বনরূপা বাজারে নিয়ে আসেন। এ সময় বাজারে আসা লোকজন চিংড়িটি দেখতে ভিড় জমান। পরে গর্জনতলী এলাকার হিমেল ত্রিপুরা নামের এক যুবক চিংড়িটি ৩০০ টাকায় কিনে নেন।সত্তরোর্ধ্ব সোনা মোহন চাকমা চিংড়িটি দেখে বলেন, তিনি সারা জীবন কাপ্তাই হ্রদের তীরে বাস করলেও এত বড় চিংড়ি দেখেননি। তিনি জানান, হ্রদে প্রচুর পরিমাণে কুঁচো চিংড়ি দেখা গেলেও গলদা চিংড়ি দেখা যায় না।