
জলের সঙ্গে যুদ্ধ করে জীবন কাটে কাপ্তাই হ্রদের জেলেদের। তবু জেলেপাড়ার বাসিন্দারা অল্পতেই সুখী। মহাজনের অত্যাচার এমন সংগ্রামমুখর জীবনকে আরও কঠিন করে তোলে। জেলেপাড়ার সবার প্রিয় তরুণী হারায় তার স্বামীকে। তার গর্ভের সন্তানটিও হয় পিতৃহারা। মহাজনের লোভের কাছে জেলেপাড়ার মানুষের আশা-আকাঙ্ক্ষা, এমনকি জীবনও যেন মূল্যহীন।
কাপ্তাই হ্রদের জেলেদের সুখ-দুঃখ ও বঞ্চনা নিয়ে রচিত মূল্যহীন নাটকে এমন বাস্তবতাই তুলে ধরা হয়। রাঙামাটি শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদল ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নাটকটি মঞ্চস্থ করে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে। জেলেদের জীবন ও সংস্কৃতি নিয়ে এক ঘণ্টার এই নাটকের রচনা ও নির্দেশনায় ছিলেন মো. সোহেল রানা।
চাল-চুলোহীন যুবক সুরুজের জেলেপাড়ায় আগমন দিয়ে শুরু নাটকের কাহিনি। নিষ্ঠাবান কাজপাগল সুরুজ অল্প দিনে জেলেপাড়ার সবার মন জয় করে নেয়। প্রথমে সামান্য দ্বিধা-দ্বন্দ্বের পর পাড়ার সুন্দরী তরুণী চম্পার সঙ্গে মন দেওয়া-নেওয়াও শুরু হয়। কিন্তু একদিন চম্পা মহাজনের চোখে পড়ে। তখন থেকে মহাজন দাদনের টাকা বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে। যেকোনোভাবে চম্পাকে পেতে মরিয়া হয়ে ওঠে লোভী মহাজন। তবে পাড়ার লোকজনের চেষ্টায় সুরুজের সঙ্গেই বিয়ে হয় চম্পার।
তবু মহাজনের চক্রান্ত থামে না। বেশি টাকা আয়ের লোভ দেখিয়ে তুমুল বৃষ্টির মধ্যে সুরুজকে মাছ ধরতে পাঠায় সে। বৈরী আবহাওয়ায় জাল আটকে যায় পানিতে। যে জাল জেলেপাড়ার মানুষের জীবন-জীবিকা, সেটা ফেলে যেতে নারাজ সুরুজ। তাই আটকে থাকা জাল ছাড়াতে পানিতে ডুব দেয় সে। কিন্তু ফিরে আসতে পারে না। পাড়ায় যখন এ খবর আসে, তখন সুরুজের অন্তঃসত্ত্বা স্ত্রীর হাহাকার হ্রদের জলকে আরও ভারী করে তোলে।
নাটকের শেষ দৃশ্যে মৃত সুরুজের অন্তঃসত্ত্বা স্ত্রী চম্পার ভূমিকায় ননাবী চাকমার অভিনয় দর্শকের চোখ ভিজিয়েছে। বিভিন্ন চরিত্রে আরও যাঁরা ছিলেন, তাঁরা হলেন রেজাউর রশীদ, মো. সোহেল রানা, মো. তারেক আহম্মেদ, মো. ইদ্রিস মিয়া, নাজমা আক্তার, মো. কাউসার, লহাশীষ বড়ুয়া, কৃষ্ণা তালুকদার, সুশীল চাকমা, দীপ্তিময় চাকমা, সুনীতি বিকাশ চাকমা ও মো. কাউসার আহমেদ।