কাপ্তাই হ্রদের তীরে তরমুজের বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বন্দুকভাঙ্গার কুমড়োপাড়ায় খেত থেকে তরমুজ তুলে নিয়ে যাচ্ছেন এক চাষি   সুপ্রিয় চাকমা
রাঙামাটির বন্দুকভাঙ্গার কুমড়োপাড়ায় খেত থেকে তরমুজ তুলে নিয়ে যাচ্ছেন এক চাষি সুপ্রিয় চাকমা

কাপ্তাই হ্রদের শুকিয়ে যাওয়া ঢালু জমি এবং ছোট টিলায় তরমুজের বাম্পার ফলন হয়েছে এবার। ভালো দাম পাওয়ায় খুশি চাষিরাও। মাত্র তিন মাসের পরিশ্রমে চাষিরা এবার প্রতি একর জমিতে তরমুজ ফলিয়ে গড়ে এক থেকে দেড় লাখ টাকার মতো আয় করেছেন। এ বছর কাপ্তাই হ্রদের পানি সর্বনিম্ন পর্যায়ে না নামায় জমিতে সেচও দিতে পেরেছেন চাষিরা। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজ হয়েছে আকারে বড় ও পুষ্ট। কাপ্তাই হ্রদের তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্যমতে, চলতি বছর রাঙামাটি জেলায় তরমুজ চাষ হয়েছে প্রায় ৪৫০ একর জমিতে। প্রতি একরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০ থেকে ২২ মেট্রিক টন। তবে প্রতি একরে লক্ষ্যমাত্রার চেয়ে দেড় থেকে দুই মেট্রিক টন তরমুজ বেশি উৎপাদিত হয়েছে বলে জানান কৃষিবিদেরা।
হালকা সবুজের ওপর গাঢ় সবুজ ডোরাযুক্ত ও হালকা সবুজ—এই দুই ধরনের তরমুজ ফলেছে খেতগুলোয়। গাঢ় লাল ও মিষ্টি বলে ক্রেতাদের কাছে কদর আছে এই তরমুজের। রাঙামাটির বিভিন্ন এলাকার তরমুজখেত, ট্রাকটার্মিনাল ঘাট এবং বনরূপার সমতা ঘাট থেকে ঢাকা ও চট্টগ্রামের পাইকারি ব্যাবসায়ীরা এসব তরমুজ কিনে নিচ্ছেন। খুচরা বাজারে ছোট ও মাঝারি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৮০ টাকায়। আর বড় আকারের তরমুজ বিক্রি হচ্ছে ১০০ টাকা বা তার চেয়ে বেশি দামে। রাঙামাটি কৃষি সমপ্রসারণ বিভাগের শস্য উৎপাদন বিশেষজ্ঞ রমণী কান্তি চাকমা বলেন, আবহাওয়া, তাপমাত্রা ও সেচব্যবস্থা ভালো হওয়ায় রাঙামাটি তরমুজ উৎপাদনের জন্য উপযোগী জায়গা। তরমুজ চাষে মাত্র তিন মাসে খরচ উঠে আসে। তাই চাষিদের আগ্রহ বাড়ছে।
রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের কুমড়োপাড়া গ্রামের দুই ভাই শান্তিপ্রিয় চাকমা (৪৫) ও কালাইয়ে চাকমা (৪২) দুই একর করে চার একর জমিতে তরমুজ চাষ করেছেন। প্রতি একরে তাঁদের খরচ পড়েছে ৩০ হাজার থেকে ৩৩ হাজার টাকা করে। প্রতি একরে ফলেছে দুই থেকে আড়াই হাজার তরমুজ। উৎপাদিত তরমুজ বিক্রি করে প্রত্যেকে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করবেন বলে তাঁরা আশা করছেন। কালাইয়ে চাকমা বলেন, ‘তরমুজখেতে সব সময় পানি দিতে হয়। তাই আমরা দুই ভাই কৃষি ব্যাংক থেকে ৪০ হাজার টাকা করে কৃষিঋণ নিয়ে ৭০ হাজার টাকায় একটি সেচযন্ত্র কিনেছি। এ ছাড়া কৃষি সম্প্রসারণ বিভাগের সহায়তায় সময়মতো সার ও কীটনাশক প্রয়োগ করতে পেরেছি।’
চাষিরা জানান, এ বছর আবহাওয়া ভালো থাকায় তরমুজ আকারে যেমন বড় হয়েছে, তেমনি মিষ্টিও হয়েছে। বন্দুকভাঙ্গা ইউনিয়নের ইন্দ্ররঞ্জন চাকমা (৬০) সম্প্রতি রাঙামাটি শহরে অনুষ্ঠিত কৃষি মেলায় ১৫ কেজির বেশি ওজনের তরমুজ এনে পেয়েছেন দ্বিতীয় পুরস্কার। তিনি বলেন, নিয়মিত সেচ দিলে আর পরিচর্যা করতে পারলে তরমুজ বড় হয়।