কাপ্তাই হ্রদের মাছ ক্রেতাদের নাগালের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদে মাছ আহরণ ও বিপণনের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মাছের দাম না কমে উল্টো প্রজাতি ভেদে কেজিপ্রতি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে সাধারণ ক্রেতারা হতাশ হয়ে পড়েছেন। রাঙামাটির পাইকারি মাছ ব্যবসায়ীরা জানান, বাজারে খুচরা মাছ বিক্রির ওপর প্রশাসনের নিয়ন্ত্রণ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।গত বুধবার বিকেল ও বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের বনরূপা বাজারে গিয়ে দেখা গেছে, বড় প্রজাতির বোয়াল, চিতল ৭৫০ থেকে ৮০০ টাকা, রুই, কাতলা ৫৫০ থেকে ৬৫০ টাকা, কালিঘনিয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২৭৫ থেকে ৩২৫ টাকা, আইড় ২৫০ থেকে ৩০০ টাকা, ছোট প্রজাতির পাবদা, বাচা ৫৫০ থেকে ৬০০ টাকা, টেংরা ৪৫০ থেকে ৫০০ টাকা, কাচকি ১৩০ থেকে ১৬০ টাকা এবং চাপিলা ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দামও আগের তুলনায় অনেক বেশি। ক্রেতা স্বপন চাকমা ও মো. রফিক উদ্দিন বলেন, ‘মাছের দামের ওপর প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়ান।’ স্থানীয় চাহিদা পূরণের জন্য এসব মাছ বিক্রি হলেও প্রশাসনের ন্যূনতম নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে বলে তাঁরা মন্তব্য করেন। মাছ ব্যবসায়ী ধীরু কুমার চাকমা ও মো. ইসমাইল জানান, রমজানের দিন বাজারে সবকিছুর দাম বাড়তি, তাই মাছের দামও বেড়েছে। তা ছাড়া, জেলেদের কাছ থেকেও আগের চেয়ে বেশি দামে মাছ কিনতে হচ্ছে।রাঙামাটির মাছ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া বলেন, ‘স্থানীয় বাজারে বিক্রীত মাছগুলো স্থানীয় চাহিদা পূরণের জন্য আহরণ করা হয়। তাই এসব মাছের জন্য ব্যবসায়ীদের বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) কোনো রাজস্ব দিতে হয় না। অথচ এখানে ঢাকা-চট্টগ্রামের চেয়েও বেশি দামে মাছ বিক্রি হচ্ছে।’ এ বিষয়ে বিএফডিসির রাঙামাটি মাছ অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক হাসান জামান খান বলেন, ‘স্থানীয় চাহিদা পূরণের জন্য যেসব মাছ বিক্রি করা হয় সেসব মাছের বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের নয়। আমরা জেলার বাইরে যাওয়া মাছের রাজস্ব আদায় করে তা সরকারের কাছে জমা দিই।’ জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল কাপ্তাই হ্রদের মাছের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের সরাসরি কোনো ব্যবস্থা না থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘তার পরও বাজার মনিটরিং কমিটির কাছে বিষয়টি জানানো হবে।’কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজননের সুবিধার্থে গত ৩০ এপ্রিল মধ্য রাত থেকে তিন মাসের জন্য হ্রদ থেকে মাছ আহরণ, বিপণন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। কিন্তু এ বছর রমজান শুরু হওয়ায় ১৫ দিন আগে অর্থাৎ ১৬ জুলাই থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সূত্র জানায়, বিএফডিসি প্রাকৃতিক প্রজননের পাশাপাশি প্রতিবছর এ মৌসুমে হ্রদে ৩০ থেকে ৩৫ মেট্রিক টন বড় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে। স্থানীয় চাহিদা মেটানো ছাড়াও কাপ্তাই হ্রদ থেকে গড়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ জেলার বাইরে সরবরাহ করা হয়।