কাপ্তাইকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ার উদ্যোগ
পাহাড়, নদী, হ্রদ ও সবুজ বনানীতে সমৃদ্ধ কাপ্তাইকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ পর্যটন করপোরেশন বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সমপ্রতি এলাকা পরিদর্শন করেন। তাঁরা বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় প্রশাসন ও লোকজনের সঙ্গে কথা বলেন।জানা গেছে, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশে কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীর উভয় পাশে পর্যটকদের থাকা খাওয়া ও বিনোদনের জন্য রিসোর্ট নির্মাণের সুবিধা যাচাই করতে কমিটির সদস্যরা কাপ্তাই এসেছিলেন। কমিটির সদস্য পর্যটন করপোরেশন চট্টগ্রামের ইউনিট ব্যবস্থাপক মো. সাইফুর রহমান ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কমুক্ত বিপণির বিক্রয় নির্বাহী মো. রায়হান উদ্দিন আহমেদ কাপ্তাইয়ের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।পর্যটনকেন্দ্র গড়ে তোলার সরকারি উদ্যোগের কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, সদস্য হামিদা বানু ও সংসদ সদস্য মো. শামসুল ইসলাম কাপ্তাই সফরে এসে একে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ওই কমিটির সুপারিশেই আরেকটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা সমপ্রতি কাপ্তাই সফরে এসে একাধিক স্থান ঘুরে দেখেন। চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য তাঁরা আবারও কাপ্তাই আসবেন বলে তিনি জানান।