কাপ্তাইয়ে অটোরিকশা চালকদের কাছে যাত্রীরা জিম্মি
কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানের যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে কেউ প্রতিবাদ করলে চালকেরা উল্টো যাত্রীদের নাজেহাল করেন। কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) মহিলা সদস্য মিনু প্রু মারমা জানান, অটোরিকশার চালকদের বেপরোয়া আচরণ অসহ্য হয়ে উঠেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শতাধিক ভুক্তভোগী স্বাক্ষরিত লিখিত আবেদন ১৮ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। জানা যায়, চন্দ্রঘোনা অটোরিকশাচালক সমবায় সমিতি’ এবং ‘রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের অধীনে লিচুবাগান থেকে কাপ্তাই পর্যন্ত প্রতিদিন শতাধিক অটোরিকশা চলাচল করে। লিচুবাগান থেকে কাপ্তাইয়ের দূরত্ব ১৫ কিলোমিটার। ভাড়া জনপ্রতি নির্ধারিত ২৫ টাকা। অনেক চালক নির্ধারিত এ ভাড়ার চেয়ে বেশি আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা নুর বেগম জানান, গত কয়েক বছর ধরে অটোরিকশার চালকদের দৌরাত্ম্য বেড়ে গেছে। এর আগে প্রতি ২০ মিনিট পরপর যাত্রীবাহী বাস চলাচল করত। মানুষ স্বল্প ভাড়ায় বাসে চড়ে গন্তব্যে যেত। কিন্তু অতিরিক্ত অটোরিকশার কারণে বাসে যাত্রী না পাওয়ায় বর্তমানে বাস চলাচল কমে গেছে। ফলে তাঁরাও সুযোগ পেয়েছে।’যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া তো নিচ্ছেই, এর ওপর তাঁদের ইচ্ছেমতো ওঠা-নামা করতে হবে। অর্ধেক পথে নামলে পুরো ভাড়া দিতে হয়।যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কথা অস্বীকার করে অটোরিকশাচালক সমিতির সদস্য আফজাল হোসেন বলেন, ‘কোনো যাত্রী অর্ধেক পথে নেমে গেলে সেখান থেকে আমরা আর কোনো যাত্রী পাই না। যে কারণে অনেক সময় অর্ধেক পথের যাত্রী কেউ কেউ নিতে চান না।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, ‘অটোরিকশার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রায় সময় আসে। ভাড়া নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। বিষয়টির সমাধান করার জন্য প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে ভাড়ার তালিকা টাঙানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’