কাপ্তাইয়ে ইন্টারনেট উৎসব ১৩ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন ও প্রথম আলোর যৌথ উদ্যোগে ইন্টারনেট উৎসব ১৩ অক্টোবর কাপ্তাই উপজেলার কর্ণফুলী কলেজে অনুষ্ঠিত হবে। এতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেবে বলে আশা করা যাচ্ছে। উৎসবকে সফল করতে বন্ধুসভার উদ্যোগে প্রস্তুতি সভা ৩ অক্টোবর কাপ্তাই খালেরমুখ বন বিশ্রামাগারে অনুষ্ঠিত হয়। এতে উৎসব প্রাণবন্ত করে তোলার ব্যাপারে সংশ্লিষ্ট সবার করণীয় বিষয়ে আলোচনা হয়। প্রথম আলোর কাপ্তাই প্রতিনিধি কাজী মোশাররফ হোসেনের পরিচালনা ও উপস্থাপনায় আলোচনায় অংশ নেন শরিফুল ইসলাম, নূর মোহাম্মদ, বেগম কাওছার জাহান, বাপ্পী তঞ্চঙ্গ্যা, আবুল বশর, বিবি আয়েশা, আইরিন বড়ুয়া, ইছামং মারমা, নূর বেগম, চুমকি ভৌমিক, রিকু বড়ুয়া ও রোকেয়া বেগম। কর্ণফুলী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী জানান, ইন্টারনেট উৎসব সফল করতে একজন শিক্ষককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। এ ছাড়া, উৎসবের দিন ব্যবহারের জন্য চারটি কক্ষ বরাদ্দসহ উৎসবে আসা শিক্ষার্থী-অভিভাবকদের কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। ইন্টারনেট উৎসবে কাপ্তাইয়ের নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়, নৌবাহিনী উচ্চবিদ্যালয়, চিৎমরম উচ্চবিদ্যালয়, কেআরসি উচ্চবিদ্যালয়, কর্ণফুলী কাগজ কল উচ্চবিদ্যালয় ও কলেজ, কাপ্তাই উচ্চবিদ্যালয়, ওয়াগ্গা উচ্চবিদ্যালয়, পাহাড়িকা উচ্চবিদ্যালয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে বলে জানা গেছে।