কাপ্তাইয়ে এসএসসির ফল ভালো না হওয়ায় প্রশাসনের অসন্তোষ
উপজেলার সব বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে ২০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মূল্যায়ন সভায় নির্বাহী কর্মকর্তা খালেদ রহীম এ অসন্তোষ প্রকাশ করেন। এসএসসি ও দাখিল পরীক্ষায় কাপ্তাইয়ের ১৪ বিদ্যালয় ও মাদ্রাসার ৮২৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৮৮ জন। ২৩৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। নির্বাহী কর্মকর্তা বলেন, ‘২০১০ সালের এসএসসি পরীক্ষার আগে আমরা যেভাবে তদারকি করেছি এবং যে মানের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ দিয়েছিলাম তা মানা হলে অকৃতকার্যের সংখ্যা এত বেশি হতো না।’ তিনি বলেন, ২০১১ সালের এসএসসি পরীক্ষার আগে প্রাক-নির্বাচনী পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হলেও তাকে নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আর নির্বাচনী পরীক্ষায় কোনো বিষয়ে অকৃতকার্য হলে তাদেরও এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না। কোনো প্রভাবশালী বা ব্যক্তিবিশেষের অনুরোধ বা চাপের কাছে প্রশাসন মাথানত করবে না বলেও সাফ জানিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মতবিনিময় সভায় অংশ নেন কেপিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, বরইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক, ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তংচংগ্যা, চিৎমরম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল বড়ুয়া, পাহাড়িকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ, কেআরসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, শহীদ শামসুদ্দীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ ও কাপ্তাই আল আমীন নুরিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক মো. আব্দুস শাকুর।