কাপ্তাইয়ে দিনে ৫ লাখ বাঁশ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই থেকে প্রতিদিন প্রায় পাঁচ লাখ বাঁশ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হচ্ছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় ২০ হাজার শ্রমিকের। আর বাঁশ রপ্তানি খাত থেকে সরকার পাচ্ছে মাসে প্রায় দেড় লাখ টাকার রাজস্ব।কাপ্তাই বন বিভাগ ও শুল্ক ফাঁড়ির কর্মকর্তারা জানান, প্রতিদিন কয়েক রকম বাঁশ কাপ্তাই থেকে সড়ক ও নদীপথে বিক্রি হচ্ছে। এসব বাঁশের শুল্কও ভিন্ন। প্রতি হাজার মুলি ও মিতিঙ্গা বাঁশ এক হাজার ৩২০ টাকা, ওড়া বাঁশ এক হাজার ৬৫০ টাকা, বারিয়া দুই ২০০ টাকা, টেংরা মুলি ও নলি বাঁশ ৩৮৫ টাকা ও বাজালির ৩৩০ টাকা হারে রাজস্ব পাওয়া যায়। প্রতি ট্রাকে তিন-চার হাজার পর্যন্ত বাঁশ বিক্রি হয়ে থাকে। ঠিকাদারের প্রতিনিধি শাহজাহান জানান, পার্বত্য অঞ্চলের বনজসম্পদের মধ্যে বাঁশই বেশি বিক্রি হয়। গাছ ও কাঠ পরিবহনের মতো জটিলতা ও নজরদারি বাঁশের ক্ষেত্রে কম। তবে পাহাড়ের একটি বিশেষ চক্রকে নির্দিষ্ট অঙ্কের চাঁদা দিতে হয়। কাপ্তাই জেটিঘাট এবং চিৎমরমঘাটে দেখা যায় অন্য রকম চিত্র। কাপ্তাই হ্রদে শত শত শ্রমিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশ তোলার কাজে ব্যস্ত। পানি থেকে বাঁশ তুলে বোঝাই করা হচ্ছে ট্রাকে। বাঁশ বোঝাই কয়েক শ ট্রাক প্রতিদিন কাপ্তাই জেটিঘাট ও চিৎমরমঘাট ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। নদী থেকে তীরে বাঁশ তুলে ট্রাকে বোঝাই করার কাজে বিভিন্ন ঠিকাদারের অধীনে নিয়োজিত রয়েছেন আরও কয়েক শ শ্রমিক।শ্রমিকেরা জানান, পার্বত্য চট্টগ্রামের বিলাইছড়ি, জুরাছড়ি, বাঘাইছড়ি, বরকল ইত্যাদি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের পাহাড় থেকে এসব বাঁশ কেটে আনা হয় কাপ্তাইয়ে। কয়েকটি বাঁশের ছোট ছোট অনেক আঁটি একত্রে বেঁধে বিশাল বাঁশের চালি তৈরি করা হয়। পরে তা পানিতে ভাসিয়ে টেনে আনা হয় ইঞ্জিনচালিত নৌকার সাহায্যে। ঠিকাদারদের কাছ থেকে জানা যায়, একটি বাঁশের চালি সংশ্লিষ্ট এলাকা থেকে বেঁধে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত আনতে ক্ষেত্রবিশেষে এক-দুই মাস লাগে। একেকটা চালি আনার জন্য শ্রমিক লাগে ১০-১২জন। বাঁশ জেটিঘাটে না আসা পর্যন্ত দিনরাত বাঁশের চালির ওপরই রান্নাবান্না, নাওয়া-খাওয়া ও ঘুমোনোসহ সব কাজ সারতে হয় তাঁদের। ঠিকাদার ও বাঁশশ্রমিকেরা জানান, কাটার আগে বাঁশ দেখে মালিকের কাছ থেকে বাগানের সব বাঁশই একসঙ্গে কিনে নেন ঠিকাদার। বাগান এলাকায় আকার ভেদে প্রতিটি বাঁশের দাম পড়ে দুই-পাঁচ টাকা। কাপ্তাই জেটিঘাটে আসার পর এসব বাঁশ বিক্রি হয় ১০-২০ টাকায়। একই বাঁশ ঢাকায় বিক্রি হয় ৫০-৭০ টাকায়। মো. লোকমান, ফজলুল হক, বজল আহমদসহ কয়েকজন বাঁশশ্রমিক জানান, তাঁরা বেশির ভাগ সময় নদীতে বাঁশের চালি ভাসিয়ে আনার কাজ করেন। কয়েক লাখ বাঁশ একসঙ্গে বেঁধে চালি তৈরি করে এক বা একাধিক ইঞ্জিনচালিত নৌকার সাহায্যে টেনে আনতে হয়। আর বাঁশের চালির ওপর চলে তাঁদের সংসার। মশারি, লুঙ্গি, গামছা, কাঁথা-বালিশ, চুলা, হাঁড়ি-পাতিলসহ সংসারের অপরিহার্য সব জিনিসই সঙ্গে রাখতে হয়। যে কয়দিন চালিতে থাকেন ততদিন তাঁদের সঙ্গী হয়ে ওঠে খোলা আকাশ, চারদিকের পাহাড় আর শান্ত জলরাশি।