কাপ্তাইয়ে দুটি কলেজের ফলাফলে অসন্তুষ্ট অধ্যক্ষরা
এবারের এইচএসসি পরীক্ষায় কাপ্তাইয়ের দুটি কলেজ থেকে ২৮৩ পরীক্ষার্থীর মধ্যে ২০০ জন পাস করেছেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছেন এক কলেজ থেকে একজন করে মাত্র দুইজন। দুইটি কলেজের অধ্যক্ষই ফলাফলে অসন্তোষ প্রকাশ করেছেন। পাসের হারের দিক থেকে এগিয়ে রয়েছে কেপিএম স্কুল অ্যান্ড কলেজ। এ কলেজের ৬৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৯ জন। পাসের হার ৯০ দশমিক ৭৭। কর্ণফুলী কলেজ থেকে ২১৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪১ জন। পাসের হার ৬৫ দশমিক ২৭ ভাগ। কর্ণফুলী কলেজ থেকে জিপিএ-৫ পান তানিম খান এবং কেপিএম স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পান শাহনাজ পারভীন। কর্ণফুলী কলেজের অধ্যক্ষ মো. মোমিনুল ইসলাম জানান, মানবিক বিভাগে ৮৭ জনের মধ্যে ৪২ জন, বাণিজ্য বিভাগে ১০৮ জনের মধ্যে ৮৬ জন এবং বিজ্ঞান বিভাগে ২১ জনের মধ্যে ১৩ জন পাস করেছেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন অকৃতকার্য হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। শ্রেণীতে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং ঠিকমতো লেখাপড়া না করার কারণে ফলাফল আশানুরূপ হয়নি বলে মন্তব্য করেন অধ্যক্ষ। কেপিএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ বি এম আনোয়ারুল ইসলাম জানান, মানবিক বিভাগে তিনজনের মধ্যে দুইজন, বাণিজ্য বিভাগে ৪৫ জনের মধ্যে ৪০ জন এবং বিজ্ঞান বিভাগে ১৭ জনের মধ্যে ১৫ জন পাস করেছেন। পাসের হার শতভাগ না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘পাসের হার শতভাগ না হলে ফলাফল ভালো হয়েছে বলা যাবে না।’ জিপিএ-৫ পাওয়া তানিম খানের বাবা আবুল কালাম খান ছেলের ফলাফলে দারুণ খুশি। তিনি বলেন, ‘তানিম যেভাবে লেখাপড়া করেছে তাতে ওর ফল ভালো হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম।’ কেপিএম স্কুল অ্যান্ড কলেজের জিপিএ-৫ পাওয়া শাহনাজ পারভীন ফলাফলে অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, ‘আমার পরিশ্রম সার্থক হয়েছে। মফস্বলের কলেজে ভর্তি হয়েও যে ভালো ফল করা যায় তা আমরা দেখাতে পেরেছি।’