কাপ্তাইয়ে পানিশূন্য পাহাড়ি ছড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলার পাহাড়ি ছড়াগুলো শুকিয়ে গেছে। পানিশূন্য হয়ে পড়েছে উপজেলার প্রধান ওয়াগ্গাছড়াসহ আরও ছয়টি ছড়া। পাহাড় থেকে নেমে আসা এসব ছড়ার পানির ওপর নির্ভরশীল কমপক্ষে ১০ হাজার পরিবার। এর মধ্যে শুধু ওয়াগ্গাছড়ার ওপর নির্ভর প্রায় ছয় হাজার পরিবার। আরও যেসব ছড়া পানিশূন্য হয়ে পড়েছে সেগুলো হলো শীলছড়ি ছড়া, ব্যাংছড়ি ছড়া, মিতিঙ্গাছড়ি ছড়া ও নারানগিরি ছড়া। কাপ্তাই খালের অনেকাংশও পানিশূন্য হয়ে পড়েছে। এলাকায় পানির জন্য তাই হাহাকার চলছে। স্থানীয় হলুদচাষি পাইনুচিং মারমা প্রথম আলোকে বলেন, ‘প্রায় দুই মাস ধরে ওয়াগ্গা ছড়ায় পানি আসছে না। পানির অভাবে আমাদের দৈনন্দিন জীবন যাপন যেন অচল হয়ে গেছে। সারা দিন পাহাড়ে কাজ করার পর গোসল করতে পারছি না। রান্না এবং খাবার জন্যও পানি পাচ্ছি না। ’ওয়াগ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আপাই মারমা বলেন, এখানকার মানুষের পানির একমাত্র উৎস হলো পাহাড়ি ছড়া। কাউখালী উপজেলা থেকে শুরু হওয়া ওয়াগ্গা ছড়ার পানি বিভিন্ন পাহাড়ি এলাকা গড়িয়ে ওয়াগ্গা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে। পাহাড়ের গা থেকে ঝরে পড়া ঝরনার পানি ওয়াগ্গা ছড়া দিয়ে বয়ে যায়। বিভিন্ন এলাকার আদিবাসী জনগণ ওই ছড়ার পানি নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করেন। এখন ছড়ায় পানি নেই। এগুলো এখন মানুষের চলাচলের পথ হিসেবে ব্যবহূত হচ্ছে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ওয়াগ্গা ইউনিয়নের মুরালিপাড়া, দেবতাছড়ি, ছোট পাগলীপাড়া, কুকিমারা, আগুনিয়াছড়া, তম্বপাড়া, পাগলীমুখপাড়া, দোলন্যাপাড়া, বড়ইছড়ি, কুলিপাড়া, সাক্রাছড়ি ইত্যাদি এলাকায় প্রবাহিত ওয়াগ্গা ছড়াটি এখন শুকিয়ে আছে। ছড়ার কোথাও একফোঁটা পানি নেই। কুকিমারার নয়াধন তনচংগ্যা প্রথম আলোকে বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এলাকার বিভিন্ন স্থানে টিউবওয়েল বসিয়েছিল। বর্ষাকালে যখন ছড়ায় পানি থাকে, তখন টিউবওয়েলেও পর্যাপ্ত পানি পাওয়া যায়। এখন ছড়ায় পানি নেই, সেই সঙ্গে টিউবওয়েল চাপলেও পানি ওঠে না।ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা বলেন, দূর-দূরান্ত থেকে পাহাড় ডিঙিয়ে অনেক শিক্ষার্থী স্কুলে আসে। সারা দিন লেখাপড়া করে। শিক্ষার্থীদের পানির প্রয়োজন হয়। কিন্তু আশপাশের কোথাও পানি পাওয়া যাচ্ছে না।কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সুলতান আহমদ প্রথম আলোকে বলেন, বৃষ্টিপাত না হওয়ায় পানির প্রবাহ নেই। দীর্ঘ খরায় পাহাড়ি এলাকার ভূগর্ভের পানির স্তর শুকিয়ে যাওয়ায় টিউবওয়েলেও পানি ওঠে না। স্থানীয় একটি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ বিবি আয়েশা প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে কাপ্তাই উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করেছি। এমনকি পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের কাছেও লিখিত আবেদন করেছি। কিন্তু কারও কোনো পদক্ষেপ দেখছি না। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে পরিষদে একাধিকবার আলোচনা হয়েছে।