কাপ্তাইয়ে পাসের হার ও জিপিএ-৫ কমেছে
কাপ্তাই উপজেলায় মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। গত বছর পাসের হার ছিল ৮২ শতাংশ; এবার ৭৪ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছে ৪০ জন, গত বছর পেয়েছিল ৫২ জন। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে বিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। জানা যায়, বেশি জিপিএ-৫ পেয়েছে কর্ণফুলী কাগজকল (কেপিএম) উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ২০ জন। অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম ফলাফলে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘জিপিএ-৫ পাওয়া থেকে শতভাগ পাস অনেক গুরুত্বপূর্ণ। ২২১ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন অকৃতকার্য হয়েছে। এই সংখ্যাটাই আমার কাছে অনেক বড় ও পীড়াদায়ক।’ কাপ্তাই আল আমীন নূরিয়া মাদ্রাসার তত্ত্বাবধায়ক (সুপার) সৈয়দ আহমদ জানান, ২২ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার ছাত্ররা বেশি মনোযোগী হয়ে লেখাপড়া করেছে। শিক্ষকেরাও ভূমিকা রেখেছেন। যে কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল জানান, উপজেলায় এবার দাখিলসহ পরীক্ষার্থী ছিল ৯১১ জন। পাস করেছে ৬৩৭ জন। কেপিএম উচ্চবিদ্যালয় ও আল আমীন নূরিয়া মাদ্রাসা ছাড়াও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে আটজন, নৌবাহিনী স্কুল থেকে তিনজন, নারানগিরি সরকারি উচ্চবিদ্যালয় থেকে দুইজন এবং কাপ্তাই উচ্চবিদ্যালয় ও পাহাড়িকা উচ্চবিদ্যালয় থেকে একজন করে জিপিএ-৫ পেয়েছে।